ডিডিটেল ট্রেড ফাইন্যান্স: বাংলাদেশের ব্যাংকিং খাতের নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১১:০৭ এএম

আন্তর্জাতিক বাণিজ্য দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রচলিত পেপার নির্ভর লেনদেনের পরিবর্তে বিশ্বব্যাপী ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংকগুলো ইলেকট্রনিক ডকুমেন্ট, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্বয়ংক্রিয় তথ্য বিনিময়ের দিকে এগোচ্ছে। এর উদ্দেশ্য শুধু সময় ও ব্যয় কমানো নয়; বরং বাণিজ্যিক লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও দক্ষতা বাড়ানো। বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যও এই পরিবর্তনের বাইরে থাকতে পারে না। প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে হলে আমাদের প্রয়োজন একটি সমন্বিত ডিজিটাল ট্রেড ইকোসিস্টেম। 
 
বাণিজ্য অর্থায়নে বহুমুখী পদ্ধতির প্রয়োজন

বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে ঋণপত্র বা লেটার অব ক্রেডিট (LC) গুরুত্বপূর্ণ হলেও আন্তর্জাতিক বাণিজ্য কেবল এলসিনির্ভর নয়। ওপেন অ্যাকাউন্ট, ডকুমেন্টারি কালেকশনের D/A ও D/P পদ্ধতিও বিশ্বব্যাপী প্রচলিত। এসব পদ্ধতি ব্যবসায়িক সম্পর্ক, ক্রেতার সক্ষমতা ও ঝুঁকি বিবেচনায় লেনদেনের নমনীয়তা বাড়ায়। এলসির বাইরে এসব পদ্ধতির ব্যবহার সহজ হলে ব্যবসায়ীরা আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হতে পারবে। তবে প্রতিটি পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফরেন এক্সচেঞ্জ ব্যবস্থাপনা, ব্যাংকিং 
তদারকি ও নিয়ন্ত্রক নির্দেশনা নিশ্চিত করতে হবে। 
 
বিশ্ববাণিজ্যের ডিজিটাল অভিজ্ঞতা

আন্তর্জাতিক বাণিজ্যে এখন ইনভয়েস, ট্রান্সপোর্ট ডকুমেন্ট, পেমেন্ট ইন্সট্রাকশন এবং অন্যান্য ট্রেড ডকুমেন্ট ইলেকট্রনিকভাবে আদান-প্রদানের প্রবণতা বাড়ছে। এলসির ক্ষেত্রে eUCP এবং ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে eURC ইলেকট্রনিক ডকুমেন্ট উপস্থাপন ও প্রক্রিয়াকরণের নিয়ম নির্ধারণে সহায়তা করে। একইভাবে ইলেকট্রনিক বিল অব লেডিং (eB/L) পেপার Based B/L পাঠানোর দীর্ঘ প্রক্রিয়া কমাতে পারে। এতে কুরিয়ার ব্যয়, ডকুমেন্ট হারানো বা বিলম্বের ঝুঁকি এবং পণ্য ছাড়ে বিলম্ব হ্রাস করে।  

বাংলাদেশের উদ্যোগ ও বাস্তব অগ্রগতি 

বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ট্রেন্ড ডকুমেন্ট প্রক্রিয়াকরণ সংক্রান্ত সরকার কর্তৃক পাইলট উদ্যোগ একটি ইতিবাচক পদক্ষেপ। অনুমোদিত বাণিজ্য করিডরে এলসি ও ডকুমেন্টারি কালেকশনের অধীনে ইলেকট্রনিক ডকুমেন্ট ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। তবে এ উদ্যোগকে কার্যকর করতে ব্যাংক, কাস্টমস, বন্দর, শিপিং কোম্পানি ও ব্যবসায়ীদের জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম প্রয়োজন। সরকারি বিভিন্ন ডিজিটাল উদ্যোগের সঙ্গে ব্যাংকের ব্যবস্থার সংযোগ এবং পরীক্ষামূলক প্রকল্পের ফলাফল প্রাকটিক্যাল বাণিজ্যে প্রয়োগ করা জরুরি। শুধু পাইলট প্রোগ্রাম চালু করাই যথেষ্ট নয়; অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের আস্থা, দায়বদ্ধতা এবং ধারাবাহিক সহযোগিতাও নিশ্চিত করতে হবে।

এক্ষেত্রে BRAC Bank-এর সাম্প্রতিক উদ্যোগ উল্লেখযোগ্য। ২০২৬ সালের নভেম্বরে ব্যাংকটি ব্লকচেইন প্রযুক্তি ও eB/L ব্যবহার করে যুক্তরাজ্যের একটি ক্রেতার সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ডকুমেন্টারি কালেকশন সম্পন্ন করে। সংশ্লিষ্ট লেনদেনে প্রচলিত প্রায় ৪০ দিনের ডকুমেন্ট প্রক্রিয়াকরণের সময় কমে ১ দিনে আসে। এটি প্রমাণ করে, যথাযথ প্রযুক্তি ও আন্তর্জাতিক অংশীদারত্ব থাকলে বাংলাদেশ থেকেও কার্যকর ডিজিটাল বাণিজ্য পরিচালনা সম্ভব। তবে এই সাফল্য ব্যাংক, রপ্তানিকারক ও আমদানীকারক ও শিপিং কোম্পানি সকলের সম্বলিত ইচ্ছা ও প্রচেষ্টার একটি অনবদ্য উদাহরণ। 
 
চ্যালেঞ্জ: আইন, নিরাপত্তা ও অবকাঠামো 

ওপেন অ্যাকাউন্ট আমদানির ক্ষেত্রে একটি বাস্তব প্রশ্ন হলো, পণ্য দেশে আসার পর নির্ধারিত সময়ে অর্থ পরিশোধের সুযোগ থাকলেও কাস্টমস ক্লিয়ারেন্স, আমদানি-সংক্রান্ত দলিল এবং ব্যাংকের পূরবর্তী অর্থ পরিশোধের প্রক্রিয়া কীভাবে সমন্বিত হবে। এ বিষয়ে ব্যবসায়ী, ব্যাংক ও কাস্টমসের জন্য আরও স্পষ্ট ও সমন্বিত কার্যপদ্ধতি নির্দেশনা প্রয়োজন। 

একইভাবে eB/L-এর আইনগত স্বীকৃতি, ইলেকট্রনিক দলিলের মালিকানা ও হস্তান্তরযোগ্যতা এবং বিদেশি ব্যাংক বা সংশ্লিষ্ট দেশের আইনগত গ্রহণযোগ্যতা নিশ্চিত করা জরুরি। eUCP-সম্মত এলসি থাকলেই সব ট্রান্সপোর্ট ডকুমেন্ট স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক হয়ে যায় না। সংশ্লিষ্ট পণ্যগুলোর সম্মতি, প্রযুক্তিগত সামঞ্জস্য এবং কার্যকর যাচাইব্যবস্থা থাকতে হবে।  

জাল/ফেক ডকুমেন্ট শনাক্ত করাও বড় চ্যালেঞ্জ। ডিজিটাল ডকুমেন্ট সহজে পরিবর্তন বা নকল করা সম্ভব। তাই ইস্যুকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যাচাই, ডিজিটাল স্বাক্ষর, ইউনিক আইডেন্টিফায়ার, ডকুমেন্টের সত্যতা যাচাই এবং নির্ভরযোগ্য অডিট ট্রেইল নিশ্চিত করতে হবে। পাশাপাশি অর্থপাচার, অতিমূল্যায়ন, ভুয়া চালান, দ্বৈত অর্থায়ন ও নিষেধাজ্ঞাভুক্ত পক্ষের সঙ্গে লেনদেন প্রতিরোধে AML/CFT নিয়ন্ত্রণ জোরদার করতে হবে। নতুন প্রযুক্তির পাশাপাশি দ‣ জনবল, সাইবার নিরাপত্তা ও অবকাঠামো নির্মাণেও বিনিয়োগ প্রয়োজন, যা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও ব্যয় সাপেক্ষ। 
 
ভবিষ্যতের করণীয় 

বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত সব ধরনের বৈধ আন্তর্জাতিক বাণিজ্য পদ্ধতিকে সমর্থন করে এমন একটি নিরাপদ, আন্তঃসংযুক্ত ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম গড়ে তোলা। যেখানে ব্যাংক, আমদানিকারক, রপ্তানিকারক, কাস্টমস ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান একই তথ্যপ্রবাহের মাধ্যমে কাজ করতে পারবে। UCP, eURC এবং eB/L ব্যবহারে আন্তর্জাতিক মান অনুসরণ, সরকারি পাইলট প্রকল্প সম্প্রসারণ এবং বেসরকারি ব্যাংকের উদ্ভাবনী উদ্যোগকে নীতিগত সহায়তা open A/C-এ পণ্য ক্লিয়ারেন্সের সুস্পষ্ট ম্যানুয়াল ও ব্যাংকের করণীয় কার্যনির্দেশনা ভবিষ্যতের ডিজিটাল ট্রেডে সম্ভবনার দ্বার খুলে দিতে পারে। 

ডিজিটাল বাণিজ্য কেবল প্রযুক্তি পরিবর্তনের বিষয় নয়, এটি বাংলাদেশের আন্তর্জাতিক বার্ণিজ্য পরিচালনার সক্ষমতা বাড়ানোর কৌশলগত প্রয়োজন। পেপার নির্ভরতা কমিয়ে নিরাপদ ও সমন্বিত ডিজিটাল ব্যবস্থায় যেতে পারলেই বিশ্ববাজারে বাংলাদেশের বাণিজ্য আরও দ্রুত, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক হবে। 

 

  • সিডিসিএস, এআইবিবি, ট্রেড ফাইন্যার্ন্স প্রফেশনাল 
     
সর্বশেষ সর্বাধিক পঠিত