মানবতাবিরোধী অপরাধ

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় কারফিউ জারি করে দমন-পীড়ন ও হত্যাকাণ্ডে উসকানির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠন প্রসঙ্গে প্রথমে রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন। তবে এ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়ে আগে থেকেই আইনি বিতর্ক রয়েছে।

গত ১০ ডিসেম্বর জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী আসামিপক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেন। এ বিষয়ে শুনানিকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে আগে বার কাউন্সিলের অনুমতি এবং পরে ট্রাইব্যুনালের অনুমোদন প্রয়োজন। তবে এই ব্যাখ্যার বিরোধিতা করে মনসুরুল হক চৌধুরী আদালতে বলেন, আইন অনুযায়ী প্রথমে ট্রাইব্যুনালের অনুমতি নিতে হবে, এরপর বার কাউন্সিলের অনুমোদন প্রয়োজন। উভয় পক্ষের বক্তব্য শুনে এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য বিষয়টি মুলতবি রাখেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

এর আগে, গত ৪ ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল-১ তা আমলে নেয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সালমান এফ রহমান ও আনিসুল হকের মধ্যে একাধিক ফোনালাপ হয়। ওই ফোনালাপে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের ‘শেষ করে দিতে হবে’—এমন বক্তব্য উঠে আসে। রাষ্ট্রপক্ষের দাবি, এই বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয় এবং প্রাণহানির ঘটনা ঘটে। প্রসিকিউশনের মতে, অভিযুক্তদের বক্তব্য এসব হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে উসকানির ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট দেশত্যাগের চেষ্টা করার সময় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ একাধিক মামলায় তারা কারাগারে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত