ক্ষমতা ধরে রাখার মানসিকতা দেশকে পিছিয়ে দিয়েছে: ধর্ম উপদেষ্টা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ক্ষমতা ধরে রাখার মানসিকতা এই দেশকে পিছিয়ে দিয়েছে। কেউ ক্ষমতার চেয়ারে একবার বসলে আর ক্ষমতা ছাড়তে চায় না।

আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে কোনও বৈষম্য থাকবে না। কিছুদিন পর আমরা চলে যাব। আমরা দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আমাদের কোনও অনুশোচনা নেই। ক্ষমতা ধরে রাখার মানসিকতা বিশৃঙ্খলা তৈরি করে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান। এতে আরবি ভাষা ও সাহিত্যের গুরুত্ব এবং এর আন্তর্জাতিক ভূমিকা তুলে ধরেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা স্মৃতিচারণ করে বলেন, এ ক্যাম্পাসের সৌন্দর্য ও একাডেমিক পরিবেশ খুবই দারুণ। আরবি হচ্ছে একটি সমৃদ্ধ ভাষা। ২৬টি দেশে আরবি প্রধান ভাষা। আরবি ভাষায় যারা পড়েন তাদের উচ্চশিক্ষায় দারুণ সুযোগ রয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীর রাজনীতি শিক্ষার সুষ্ঠু পরিবেশে বাধা সৃষ্টি করে। বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানচর্চার কেন্দ্র। এখানে শিক্ষার পরিবেশ নষ্ট হোক এটা কেউই চায় না। এ সময় তিনি চবিতে একটি ইসলামী ফাউন্ডেশনের কর্নার করার ঘোষণা দেন।

গেস্ট অব অনারের বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার বলেন, এমন উদ্যোগের জন্য আরবি বিভাগকে ধন্যবাদ। আরবি সমৃদ্ধ একটি ভাষা। এ ভাষার প্রাচীন ইতিহাস রয়েছে। আরবি কোরআনের ভাষা হওয়ায় মুসলমানদের কাছে এটার গুরুত্ব অপরিসীম।

উপাচার্য বলেন, সম্প্রতি ভাষার গুরুত্ব বিশ্বের মানুষ বুঝতে শুরু করেছে। আর বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মাতৃভাষার জন্য বুকের রক্ত দিতে হয়েছে। আমি আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করি।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, দুনিয়া ও আখিরাতের সার্বজনীন ভাষা আরবি। আরবি ভাষার মাধ্যমে ইসলামী সভ্যতা বিশ্ব শাসন করেছে। বৈশ্বিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরবি ভাষার প্রয়োজনীয়তা রয়েছে। এজন্য আরবি ভাষা শিখতে হবে, সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এবং কাজে লাগাতে হবে।

চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় যারা আমন্ত্রিত হয়ে এসেছেন আপনাদের স্বাগত জানাচ্ছি। আরবি আমাদের মাতৃভাষা না হলেও মুসলমান হিসেবে এর সাথে আমাদের জানাশোনা রয়েছে। অনেকে বাংলা না পড়তে পারলেও আরবি জানেন ধর্মীয় কারণে। এজন্য এ ভাষার কদর আমাদের কাছে অন্যরকম।

চবি আরবি বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্ব ও আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, চবি আরবি বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং চট্টগ্রামের সুনামধন্য বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চাকসুর প্রতিনিধিবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

আলোচনাসভা শেষে দুপুর ২টায় চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় চবি উপাচার্য উপদেষ্টাকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে অবহিত করেন। ধর্ম উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত