হাসিনাসহ ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

বিগত আওয়ামী লীগ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) ২৬ জনকে গুম, নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক-বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দিতে পারেন। গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে। মামলায় সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়।

রাষ্ট্রপক্ষ শুনানিতে বলে, জয়েন্ট ইন্টারোগেশন সেলে শত শত মানুষকে বন্দি করে নির্যাতন করা হয়েছে। আবদুল্লাহিল আমান আযমী, মাইকেল চাকমাসহ ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান। সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা। তা সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। 

পরে শেখ হাসিনাসহ বাকি আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালক, ৫ পরিচালক ও একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি করা হয়েছে। তবে এই মামলায় গ্রেফতার রয়েছেন তিনজন। 

অপরদিকে জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে ২য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত