মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মিসরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

রাশিয়া-আফ্রিকা অংশীদারত্ব ফোরামের দুই দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে মিসরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, সম্মেলনের ফাঁকে ল্যাভরভ আফ্রিকার একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই ফোরামে আফ্রিকার সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি আঞ্চলিক সংহতকরণ সংস্থাগুলোর শীর্ষ নির্বাহীরাও অংশ নিচ্ছেন।

ফোরামের আলোচ্যসূচিতে বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাবে। একই সঙ্গে ২০২৩ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত দ্বিতীয় রাশিয়া–আফ্রিকা শীর্ষ সম্মেলনে গৃহীত কর্মপরিকল্পনার বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হবে।
এ ছাড়া ২০২৬ সালে অনুষ্ঠেয় তৃতীয় রাশিয়া–আফ্রিকা শীর্ষ সম্মেলন সামনে রেখে নতুন যৌথ উদ্যোগ ও সুনির্দিষ্ট করণীয় নিয়ে আলোচনা করবেন অংশগ্রহণকারীরা। তবে ওই সম্মেলন কোথায় হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত