হাসান সারওয়ার্দীকে এলডিপি থেকে সাময়িক বহিষ্কার

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ এএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের প্রেসিডিয়াম সদস্য চৌধুরী হাসান সারওয়ার্দী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্পর্কে অত্যন্ত বিভ্রান্তিকর ও আপত্তিকর একটি স্ট্যাটাস দিয়েছেন। এটি এলডিপির দলীয় কোনো সিদ্ধান্ত বা পর্যবেক্ষণের প্রতিনিধিত্ব করে না। ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বিএনপির সঙ্গে এলডিপির কোনো জোট ছিল না বা লিখিত চুক্তিও ছিল না। ছিল বিশ্বাস ও আলোচনা। তারা বিশ্বাস ভঙ্গ করেছে, তারা মোনাফেক। তালাক দেওয়া বউয়ের সঙ্গে আবার সংসার করা যায় না, এটা অনৈতিক। এদের সঙ্গে সব সম্পর্ক শেষ। এদের সঙ্গে আলোচনা করা অর্থ সময়ক্ষেপণ, মিথ্যার ফুলঝুরি শোনা। বিএনপি এখন পতনশীল, পচনশীল একটি দুর্নীতিবাজ, চাঁদাবাজ মাফিয়া সিন্ডিকেট। এদের কাছে সততা আশা করা যায় না। যাদের সম্মান, মর্যাদা আছে তারা এদের থেকে নিরাপদ দূরত্বে থাকা উত্তম। এরা সশস্ত্র বাহিনীর অফিসারদের চরম অপমান করে। এদের পতন অনিবার্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত