বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘আলোর ইশকুল’ কর্মসূচিতে ভর্তির সুযোগ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ এএম

মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি শিক্ষাকাল বলা হলেও ছাত্রজীবনের পরে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ বা কর্মশালা ছাড়া নিখাদ কৌতূহল পূরণ বা জ্ঞানচর্চার জন্য শেখার সুযোগ প্রাতিষ্ঠানিকভাবে পাওয়া সম্ভব হয় না অধিকাংশ সময়। আবার, আমাদের দেশের প্রেক্ষাপটে অনেকেই চাকরির বাজারে চাহিদার ঊর্ধ্বগতির প্রতি নজর রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করেন বলে নিজের পছন্দের বিষয়টি জানা ও চর্চা থেকে যায় অধরা। এর ফলে অনেকেরই জ্ঞানের বিচিত্র ও বিস্তৃত পরিসর যেমন থেকে যায় অজানা তেমনি হৃদয়ে জাগরূক থাকে অতৃপ্তি। জ্ঞানচর্চায় ইচ্ছুক এমন মানুষদের জন্যই ২০১৩ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালনা করে আসছে উৎকর্ষধর্মী কর্মসূচি ‘আলোর ইশকুল’। ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে কর্মসূচির দ্বিতীয় আবর্তনের চতুর্থ পর্ব।

এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী ও আঠারো-ঊর্ধ্ব বয়সী জ্ঞানচর্চায় আগ্রহী যে কোনো ব্যক্তি বিশ্বের সংগীত, সাহিত্য, নৃত্য, চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য, চলচ্চিত্র থেকে শুরু করে বিশ্বইতিহাস, ধর্ম, দর্শন, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি, মনস্তত্ত্ব, বিজ্ঞান, শিক্ষা, পরিবেশসহ গুরুত্বপূর্ণ ৩২টি বিষয়ে প্রায় ২৫০টি বক্তৃতা শোনার সুযোগ পাবেন। এ ছাড়াও তারা পাবেন দলীয়ভাবে ভ্রমণ, বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক উপভোগের সুযোগ।

আগ্রহীরা যোগাযোগ করতে পারেন রাজধানীর বাংলা মোটরের ১৭ ময়মনসিংহ রোডের বিশ্বসাহিত্য কেন্দ্রের অভ্যর্থনা কক্ষে। সঙ্গে আনতে হবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। উপস্থিত হয়ে ফরম পূরণ করে ভর্তির আবেদন করা যাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ৫৮৬১২৩৭৪, ২২৩৩৬০৮১২ অথবা ০১৯৭১৪৭৫৮৯৫ এই নম্বরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত