এশিয়াতেও নেশনস লিগ চালুর ঘোষণা, বাড়ছে হামজা-জামালদের ম্যাচ 

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম

২০১৮ সালে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা নেশনস লিগ চালু করে। এর উদ্দেশ্য ছিল সদস্য দেশগুলোর জন্য আরও বেশি অর্থবহ ও প্রতিযোগিতামূলক ম্যাচের সুযোগ সৃষ্টি করা। এশিয়ান ফুটবল কনফেডারেশন্সও সেই পথে হাটছে। 

এশিয়ার জাতীয় ফুটবল দলগুলোর প্রতিযোগিতার মান ও বাণিজ্যিক সুযোগ বাড়ানোর লক্ষ্যে নতুন ‘এএফসি নেশনস লিগ’ চালুর ঘোষণা দিয়েছে এএফসি। রবিবার দেওয়া এক বিবৃতিতে কুয়ালালামপুরভিত্তিক সংস্থাটি জানায়, এই নতুন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যদিও এখনো শুরু হওয়ার নির্দিষ্ট সময় জানানো হয়নি।

এএফসি জানিয়েছে, ফিফার নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোগুলো ব্যবহার করেই নেশনস লিগ আয়োজন করা হবে। এতে করে জাতীয় দলগুলোর জন্য অতিরিক্ত সূচি চাপ ছাড়াই নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ নিশ্চিত করা সম্ভব হবে।

এএফসির মহাসচিব উইন্ডসর জন বলেছেন, “এএফসি নেশনস লিগ আমাদের ৪৭টি সদস্য সংস্থার উন্নয়নে সহায়তার প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। একটি কাঠামোবদ্ধ প্রতিযোগিতা প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে আমরা জাতীয় দলগুলোর জন্য মানসম্মত ম্যাচ খেলার ধারাবাহিক সুযোগ নিশ্চিত করতে চাই, একই সঙ্গে লজিস্টিক ও ব্যয়সংক্রান্ত চ্যালেঞ্জও মোকাবিলা করতে চাই।”

এএফসির সদস্যদেশ ৪৭টি হলেও বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে রয়েছে ৪৬টি দেশের নাম। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড এই তালিকায় নেই। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৬ নম্বরে।

উয়েফার মতো যদি এএফসি চার স্তরের নেশনস লিগ চালু করে, তাহলে বাংলাদেশকে খেলতে হতে পারে তৃতীয় বা চতুর্থ স্তরে। সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হলে ওপরে ওঠার সুযোগ থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত