গাজার ধ্বংসস্তূপ থেকে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটির বিভিন্ন এলাকার ধ্বংসস্তূপ থেকে গত শনিবার ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেহাবশেষগুলো গাজার প্রধান হাসপাতাল আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগকে হস্তান্তর করেন। ফরেনসিক বিভাগের তত্ত্বাবধানে পরে এসব দেহাবশেষ গাজা সিটির পাশের দেইর আল-বালাহের শহীদ গোরস্তানে দাফন করা হয়। এই ৯৪ জনের সবাই ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে ধ্বংস হওয়া ভবনের জঞ্জালের তলায় চাপা পড়ে মরেছেন। গাজা উপত্যকায় পুরোদমে অনুসন্ধান চালালে এমন হাজারো মরদেহ ও ধ্বংসাবশেষ মিলবে বলে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

গাজায় যুদ্ধবিরতির দুই মাস পর ডিসেম্বর থেকে ধ্বংসস্তূপগুলোয় উদ্ধারকাজ শুরু হয়। হামাস-ইসরায়েল সংঘাতের গত দুই বছরের সংঘাতে গাজায় নিহত হয়েছে কমপক্ষে ৭০ হাজার মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত