প্রায় তিন দশকের মধ্যে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে অস্ট্রেলিয়া। সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে হামলার পর পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ওই হামলার পর গতকাল রবিবার দেশ জুড়ে জাতীয় শোক ও আত্মসমালোচনা দিবস পালন করা হয়। নিহতদের স্মরণে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এক মিনিট নীরবতা পালন করা হয়। কারণ, ঠিক ওই সময় হামলাটি শুরু হয়েছিল।
প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, আইএসের এ নৃশংস হামলা আমাদের দেশের দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিবেশকে আরও স্পষ্ট করেছে। তিনি আরও বলেন, ২০২৬ সালের এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা থাকা গোয়েন্দা পর্যালোচনায় চরমপন্থা মোকাবিলায় কর্র্তৃপক্ষ কতটা প্রস্তুত, তা যাচাই করা হবে। আলবানিজ বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যথাযথ ক্ষমতা, কাঠামো, প্রক্রিয়া এবং তথ্য আদান-প্রদানের ব্যবস্থা আছে কি না, তা খতিয়ে দেখা হবে যাতে বন্ডাই বিচে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার পর অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
একটি ইহুদি উৎসবে দুই বন্দুকধারীর গুলিতে ১৫ জন নিহত হওয়ার এ হামলাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে ঘোষণা করেছে পুলিশ। সিডনিতে আয়োজিত শোক ও স্মরণ অনুষ্ঠানে পৌঁছানোর সময় প্রধানমন্ত্রী আলবানিজকে লক্ষ্য করে উচ্চৈঃস্বরে বিদ্রƒপ করতে দেখা যায়, যা দেখে তাকে কিছুটা বিস্মিত হতে দেখা যায়। প্রাণঘাতী গণগুলিবর্ষণের পর সরকার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আরও কঠোর করার পরিকল্পনার কথাও জানিয়েছে। পাশাপাশি নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছেন। সন্দেহভাজন হামলাকারী ২৪ বছর বয়সী নাভিদ আক্রমের বিরুদ্ধে ৫৯টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫টি হত্যার অভিযোগ এবং একটি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ। হামলার সময় তার বাবা সাজিদ আকরম নিহত হন।
