ডিসেম্বরের শীতঘেরা এক আনন্দমুখর বিকেলে কানাডার স্কারবোরো ভিলেজ রিক্রিয়েশন সেন্টার রূপ নেয় বাঙালিয়ানার মিলনমেলায়। ২১ ডিসেম্বর বিসিসিবি ওমেনের উদ্যোগে সেখানে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য পিঠা উৎসব। নারী-পুরুষের পাশাপাশি শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিসিসিবির প্রতিষ্ঠাতা রিমন মাহমুদ। তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা সায়মা হাসান। খেলাধুলা ও বিনোদনমূলক অংশের সমন্বয় করেন অ্যাডমিন আফসানা জেরিন। আয়োজনে উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য অ্যাডমিন সাদিয়া মাহফুজকে ধন্যবাদ জানানো হয়। পুরো অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন লিড অ্যাডমিন তানিজা রেজা।
শিশুদের অংশগ্রহণ আরও অর্থবহ করে তুলতে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের জন্য ছিল বিশেষ উপহার। নতুন প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে বিজয়ী নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় হাই স্কুল ভলান্টিয়ারদের হাতে। এ দায়িত্ব পালনে সহযোগিতার জন্য ইরহান, আরিবা, সাফওয়ানা, পারিসা ও সামীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজন করা হয় র্যাফেল ড্র। এ ড্রয়ের পুরস্কার সহযোগিতা দেওয়ার জন্য টিএসএস কালেকটিভের তানজিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।
পিঠা উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বৈচিত্র্যময় স্বাদের পিঠা। এগারো ধরনের সুস্বাদু পিঠা তৈরি করে সময়মতো সরবরাহের মাধ্যমে আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাইসা আনজুম। দুপুরের খাবারের দায়িত্বে ছিল স্কারবোরোভিত্তিক রেস্তোরাঁ ঢাকা কিচেন। পোলাও, রোস্ট, কাবাব, মিক্সড সবজি ও সালাদে আপ্যায়ন পান অতিথিরা, যা অংশগ্রহণকারীদের প্রশংসা কুড়ায়।
আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের ভালোবাসা ও সহযোগিতায় বিসিসিবি ওমেন আরও অনুপ্রাণিত। ভবিষ্যতেও এমন আন্তরিক সমর্থন পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানানো হয়।
শুভর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন বিন্দু
বাংলাদেশ বীরদের দেশ, শুধু তাদের চিনে নিতে হবে