খোলাবাজারে বড়পুকুরিয়ার কয়লা বিক্রির দাবি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ এএম

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য খোলাবাজারে কয়লা বিক্রির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আবুল কাসেম শিকদার বলেন, বর্তমানে ৫০ ফুটের বেশি উচ্চতায় কয়লা জমে রাখার ফলে পাহাড় ধসের মতো ধসে পড়েছে। বাউন্ডারি ওয়াল ভেঙে হাইওয়ে সড়ক বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। একদিকে পিডিবি কয়লা ব্যবহার করতে পারছে না। ডমিস্টিক ও ইন্ডাস্ট্রিয়ালে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও তাদের কাছে কয়লা বিক্রির অনুমতি দেওয়া হচ্ছে না। এসব কারণে কয়লা খনি বিপুল লোকসানের সম্মুখীন হচ্ছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকার দুর্বলতা আড়াল করতেই খনি বন্ধের প্রক্রিয়া জোরদার করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, বিদ্যুৎ বিভাগ ও পিডিবির কর্মকর্তারা কয়লা খনির পরিচালনা পর্ষদের পদ বাগিয়ে নিয়ে ক্রেতা হয়ে বেআইনিভাবে কয়লার মূল্য নির্ধারণে বিক্রেতার ভূমিকা পালন করছে। কয়লার খোলাবাজার মূল্য যেখানে ২০০ ডলারের উপরে, সেখানে গ্রাহকের স্বার্থ বিবেচনা করে অযৌক্তিকভাবে প্রতি টন কয়লা মাত্র ৯১-১০৭ ডলার হিসাবে বিল প্রদান করছে। এমনটি হলে, কয়লা খনিটি আর লাভজনক থাকতে পারবে না। একপর্যায়ে লোকসানের অজুহাতে এটিকে বন্ধ করে দেওয়া হবে। এমন হলে খনির সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত ২০-২৫ হাজার পরিবার তাদের জীবিকা হারানোসহ আর্থিকভাবে সংকটে পড়বে।

বড়পুকুরিয়ার কয়লা লোকাল মার্কেটে বিক্রয় করাসহ জরুরি ৬ দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এতে বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ইউনিয়নের সভাপতি রাহেনুল ইসলাম, সিনিয়র সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত