বিশ্বশান্তি রক্ষায় দক্ষিণ সুদান গেলেন নৌবাহিনীর ৭১ সদস্য

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ এএম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন-ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (আনমিস)-এ নিয়োজিত বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট ১১-তে অংশ নিতে দ্বিতীয় গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীর ৭১ সদস্যের একটি কন্টিনজেন্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, কন্টিনজেন্টটি ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১০’ এর প্রতিস্থাপক হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করবে। গত ৯ ডিসেম্বর ২০২৫ প্রথম গ্রুপে ৯৯ জন নৌসদস্য বর্ণিত শান্তিরক্ষী মিশনে যোগদান করেছে। জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দক্ষিণ সুদানে নিয়োজিত রয়েছে। সুদানের প্রত্যন্ত এলাকায় নিত্যপ্রয়োজনীয় জ্বালানি, খাদ্যসামগ্রী, ওষুধপত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্জগুলোর নিরাপদ চলাচলের নিশ্চয়তাবিধান, নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণে স্থানীয় জনগণকে সহায়তা দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত