মায়ামিতে মেসির সতীর্থ হতে পারেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ এএম

এমএলএস শিরোপা জয়ের পর আগামী মৌসুমকে সামনে রেখে দল গঠনের কাজে ব্যস্ত ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। ক্লাবটির অন্যতম মালিক ডেভিড বেকহ্যামের পরিকল্পনায় রয়েছে দলকে আরও শক্তিশালী করা, যাতে শিরোপা ধরে রাখার পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়নস লিগেও প্রতিদ্বন্দ্বিতা করা যায়। এই প্রেক্ষাপটে আর্জেন্টিনা জাতীয় দলের এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলে ভেড়ানোর সম্ভাবনার খবর উঠে এসেছে।

স্পেনের রিয়াল বেতিসে খেলা আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। স্পেনের এক স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, লিওনেল মেসি এবং রদ্রিগো ডি পলের ক্লাব ইন্টার মায়ামি তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছে। শীতকালীন দলবদল বাজারকে সামনে রেখে বেতিস তাদের স্কোয়াড পুনর্গঠন করতে চায় এবং সেই লক্ষ্যে বেতন ব্যয় কমানোর পরিকল্পনা করছে।

সাম্প্রতিক সময়ে ইনজুরির কারণে লো সেলসো তেমন একটা মাঠে নামেননি। পেশির চোটের পর শেষ কয়েকটি ম্যাচে তিনি খুব অল্প সময় খেলতে পেরেছেন। বেতিস কর্তৃপক্ষ মনে করছে, জানুয়ারিতে ৫ মিলিয়ন ইউরোর বেশি দামে তাকে বিক্রি করা গেলে ক্লাবের আর্থিক ভারসাম্য বজায় রাখা সহজ হবে। বেতিসের কোচ মানুয়েল পেল্লেগ্রিনি জানিয়েছেন, লো সেলসো ধীরে ধীরে নিজের ছন্দে ফিরছেন।

উল্লেখ্য, ইনজুরির কারণে লো সেলসো কাতার বিশ্বকাপ খেলতে পারেননি। তবে লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা জাতীয় দলের দীর্ঘদিনের পরিকল্পনার অংশ তিনি। মেসি, দে পল ও লেয়ান্দ্রো পারেদেসের সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্বও সবার জানা। ইন্টার মায়ামিতে যোগ দিলে যুক্তরাষ্ট্রে থেকেই ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন লো সেলসো।

এদিকে শুধু লো সেলসো নয়, গোলরক্ষক পজিশনেও পরিবর্তনের পথে ইন্টার মায়ামি। কানাডার জাতীয় দলের গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারকে দলে নেওয়ার খুব কাছাকাছি রয়েছে ক্লাবটি। এমএলএসে সেরা গোলরক্ষকের স্বীকৃতি পাওয়া এই ফুটবলার ইতোমধ্যে নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন। সব মিলিয়ে নতুন মৌসুমের আগে ইন্টার মায়ামির দলবদল বাজারে সক্রিয় উপস্থিতি স্পষ্ট করে দিচ্ছে, মেসির দল আবারও শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে চায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত