বাংলাদেশের ইতিহাস বিরল সাহসিকতা, ত্যাগ এবং সংগ্রামের ইতিহাস। এই ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, দেশের গণতান্ত্রিক চেতনা এবং সামাজিক চেতনার মূল ভিত্তি গড়ে উঠেছে মুক্তিযুদ্ধ চেতনার আদর্শে। স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতার আলোকে, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল মানুষের অধিকার, ন্যায়বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম। যেখানে সব মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে। কিন্তু স্বাধীনতা অর্জনের পরেও আমরা দেখেছি, এই আদর্শের পথ বারবার বিচ্যুতি ঘটেছে। স্বৈরাচারী শাসন, দমননীতি এবং দলীয় স্বার্থের কারণে দেশের সাধারণ মানুষ এখনো তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। স্বাধীনতার পর দেশে যে রাজনীতি চালু হয়েছিল, তা ছিল মুক্তিযুদ্ধের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। ক্ষমতার কেন্দ্রীকরণ, স্বার্থপর রাজনীতি এবং নীতিহীনতা মুক্তিযুদ্ধের চেতনাকে বাধাগ্রস্ত করে। মানুষ আশা করেছিল একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। কিন্তু বাস্তবতা ছিল তার বিপরীত। এমন ব্যর্থতার মধ্যেই উঠে আসেন রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। তিনি বুঝেছিলেন, বৈষম্য, বিভাজন এবং দারিদ্র্যের শৃঙ্খল ভাঙতে হলে প্রয়োজন ঐক্যের রাজনীতি, মানবিক রাষ্ট্রনীতি এবং উৎপাদনমুখী পরিকল্পনা। তার প্রণীত ১৯ দফা কর্মসূচি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক চাহিদাকে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।
এর মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন লাভ করে এবং রাষ্ট্র ফিরে পায় উৎপাদনশীল ও আত্মনির্ভরশীল গতিশীলতা। যার ধারাবাহিকতায় প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ধারণা জন্ম নেয়– এমন একটি রাষ্ট্রবোধ, যা মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার এবং সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়। প্রেসিডেন্ট এরশাদ সামরিক শাসনের মাধ্যমে গণতন্ত্রকে স্তব্ধ করে দেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ ৯ বছর পর ১৯৯০ সালে এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদ পতিত হন। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক এবং মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। এরপর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করে। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় পুনরায় ফিরে আসে এবং একদলীয় দুঃশাসনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করে। যেখানে মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, বিচারব্যবস্থা সবই কেন্দ্রীকরণের শিকার হয়। এই দীর্ঘ দুঃশাসনের প্রতিবাদে ২০২৪ সালের ৫ আগস্ট ঘটে এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান। এটি ছিল শ্রমিক, কৃষক, ছাত্র-শিক্ষক, পেশাজীবী এবং নিপীড়িত মানুষের অংশগ্রহণে তৈরি এক জনবিস্ফোরণ। জনগণ এই আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার, মর্যাদা এবং ন্যায়বিচারের দাবি জানায়। তারা ঘোষণা করে তারা চায় বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ। আজও শ্রমিকদের জীবনযাত্রার অবস্থা ভয়াবহ। ন্যূনতম মজুরি নিশ্চিত হয়নি, নিরাপদ কর্মপরিবেশ নেই, দীর্ঘ সময় কাজ করতে হচ্ছে। শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি ও জীবন বিপন্ন। কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। বাজার নিয়ন্ত্রণকারী মধ্যস্বত্বভোগী ও দুর্নীতিপরায়ণ প্রশাসনের কারণে সাধারণ মানুষের আয় কমে যাচ্ছে। অর্থনীতির পরিস্থিতি ভয়াবহ। মূল্যস্ফীতি বেড়েছে, খাদ্য ও জ¦ালানির দাম আকাশছোঁয়া।
নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জন্য মৌলিক চাহিদা পূরণ কঠিন। দুর্নীতি, টেন্ডারবাজি, লুটপাট এবং বিদেশে টাকা পাচার রাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতা কমিয়ে দিয়েছে। দারিদ্র্য ও খাদ্য নিরাপত্তা প্রায় অব্যবস্থা। স্বাস্থ্য ও শিক্ষার অবস্থা অনিশ্চিত। সরকারি হাসপাতাল ও ক্লিনিকের অবকাঠামো দুর্বল। ওষুধের অভাব, দীর্ঘ অপেক্ষা। স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের নাগালের বাইরে। শিক্ষা ক্ষেত্রেও অবকাঠামো, শিক্ষক দক্ষতা ও সুযোগ সীমিত। গ্রামীণ শিশু ও যুবক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। স্বাস্থ্য ও শিক্ষায় বৈষম্য স্পষ্ট। নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর সহিংসতা, বৈষম্য এবং নির্যাতন বেড়েছে। সাংস্কৃতিক মূল্যবোধের অবক্ষয়, লিঙ্গ বৈষম্য, ঘৃণার রাজনীতি অপরাধ প্রবণতা বৃদ্ধি করছে। অপরাধীরা দমনহীন, আইনশৃঙ্খলা ব্যবস্থার অদক্ষতার কারণে তাদের দমন করা সম্ভব হয়নি। প্রশাসনে দায়বদ্ধতার অভাব প্রকট, আত্মসমালোচনা নেই। ফলে গণতন্ত্রহীনতা লোভ-হিংসা বাড়ছে, রাষ্ট্র থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাস-সংকট, নেতৃত্ব-সংকট ও আদর্শ-সংকটে যখন জনমানস ক্লান্ত, তখন তারেক রহমানের বক্তব্য নতুন ধারার রাজনীতির ইঙ্গিত দেয়। কারণ নেতৃত্ব মানে শুধু পদ নয় দায়িত্ব, আস্থা রক্ষা এবং মানুষের আকাক্সক্ষার বাস্তবায়নের প্রতিশ্রুতি বহন করে। ক্ষমতার লড়াই, দলীয় স্বার্থ, মানুষের স্বপ্ন অবহেলাই পুরনো রাজনীতির পরিচয়। মানুষের পাশে দাঁড়ানো, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই নতুন রাজনীতি। ক্ষমতা শুধু শাসনের নয় সেবা, ন্যায় ও গণতান্ত্রিক সংস্কৃতি গড়ার অবিরাম পথচলা। তিনি বলেন, সংঘর্ষ নয়, যুক্তি ও কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হয়।’ নতুন ধারার রাজনীতি মানে পুরনো ভুলকে রঙ করা নয়; বরং রাজনীতির কেন্দ্রস্থলে মানুষকে ফিরিয়ে আনা। যখন রাষ্ট্রযন্ত্রের জটিলতা পেরিয়ে মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়, তখনই রাজনীতি তার প্রকৃত মূল্য খুঁজে পায়। স্বাধীনতা, মানবাধিকার, ন্যায়বিচার এই মূল্যবোধগুলো পুনরুদ্ধার করাই নতুন রাজনীতির লক্ষ্য। তিনি বলেন, ‘রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার খেলা হতে পারে না। মানুষের জীবনকে ছুঁতে না পারলে রাজনীতির কোনো মূল্য নেই।’ এ কথা রাজনৈতিক সততার ঘোষণা আজকের সময়ে যা অত্যন্ত দুর্লভ। আমাদের কাক্সিক্ষত বাংলাদেশ গড়তে প্রয়োজন মানবিক, যুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক মানসিকতা। শিক্ষাব্যবস্থা, পরিবার, গণমাধ্যম ও রাজনীতিকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে চিন্তার মুক্তি এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি কেবল ভোট প্রদানের অধিকার নয়। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে সমাজের সব শ্রেণি, গোষ্ঠী, ধর্ম, ভাষা, লিঙ্গ, বয়স ও ভৌগোলিক অবস্থানের মানুষ রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে সবার মতামত ও স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়। নিশ্চিত করা হয় ন্যায়বিচার, সমানাধিকার এবং বৈষম্যহীন অংশগ্রহণ।
সংলাপ, সমঝোতা এবং জবাবদিহিই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মূল স্তম্ভ। অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য হলো সমান ভোটাধিকার, প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করা। সংলাপ ও সমঝোতার মাধ্যমে দ্বন্দ্বের সমাধান, আর ক্ষমতার ব্যবহারে জবাবদিহি ও স্বচ্ছতা বজায় রাখা হয়। তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, জনগণের অধিকার ও কল্যাণে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চর্চা করে আসছেন। তার নেতৃত্বে বিএনপি দলটি জনগণের প্রতি দায়বদ্ধতা এবং সবার সমান অধিকার নিশ্চিত করার জন্য নানা উদ্যোগ নিয়েছে। তারেক রহমানের রাজনীতি নিরন্তর জনগণের প্রয়োজনের প্রতি মনোযোগী এবং সর্বদা অন্তর্ভুক্তিমূলক চিন্তাভাবনা ও দর্শনের ভিত্তিতে গড়ে উঠেছে। তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের সব জনগোষ্ঠী, মতাদর্শ ও সংস্কৃতির মানুষ নিজ নিজ স্বাতন্ত্র্য বজায় রেখে একটি অভিন্ন গণতান্ত্রিক কাঠামোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান করবে।’ তার এই ধারণা কেবল রাজনৈতিক নয়, এটি একটি মানবিক রাষ্ট্রদর্শন যেখানে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রই হবে জাতীয় ঐক্যের ভিত্তি। অর্থাৎ পিতার রাজনৈতিক দর্শনকে আরও সমৃদ্ধ করে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করা। সম্প্রীতিমূলক রাষ্ট্র, যেখানে মানুষের বৈচিত্র্য কোনো বিভাজনের দেয়াল নয়, বরং একতার সেতুবন্ধন। এক সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ সমাজের প্রতিচ্ছবি, যেখানে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা এক সঙ্গে বেঁধে রাখে একটি বৃহত্তর মানবিক বন্ধনে। এখানে মানুষ পরিচয়ে বিভক্ত নয়, বরং যুক্ত হয় মূল্যবোধ-শান্তি-ন্যায়বিচার ও সমঅধিকারে। যেখানে প্রতিটি পরিচয় স্বতন্ত্র হলেও, তাদের মিলনেই গড়ে ওঠে একটি সুষম, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ মানবিক রাষ্ট্র। অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র এমন একটি কাঠামো, যেখানে সব নাগরিকের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা হয় এবং রাষ্ট্রের সব কার্যক্রমে তাদের সমান অংশগ্রহণ ও মর্যাদা থাকে। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, নারী নেতৃত্বে ও অনগ্রসর জনগণের ভাষা, সংস্কৃতি ও জীবনমান রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এই কাঠামোতে মানসম্মত শিক্ষা, সহজলভ্য স্বাস্থ্যসেবা ও আইনি সহায়তা নিশ্চিত করা হয়, বিশেষত পিছিয়ে পড়া জনগণের জন্য।
সুষ্ঠু নির্বাচন, কার্যকর স্থানীয় সরকার এবং সর্বস্তরে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে জনগণের মতামত ও অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করা হয়। পরিবেশ রক্ষা একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা টেকসই উন্নয়নের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। শিল্পায়ন ও অবকাঠামো নির্মাণে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি এখানে অগ্রাধিকার পায়। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক প্রতিবেশের সুরক্ষা নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি এমন এক ভবিষ্যতের পথে এগিয়ে যায়, যেখানে মানুষ ও প্রকৃতি সহাবস্থানে এগিয়ে চলে। বর্তমান প্রজন্মের রাজনীতিবিদদের মধ্যে তারেক রহমান অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র ও রাজনীতির ধারণার মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তাব দিয়েছেন। যা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের রূপরেখা ৩১ দফা ও ভিশন-২০৩০-এ সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ৩১ দফা কেবল প্রশাসনিক বা অর্থনৈতিক সংস্কার নয়, এটি দেশের নৈতিকতা, মানবিকতা ও গণতান্ত্রিক চেতনার পুনর্নির্মাণ। যদি এটি বাস্তবায়ন হয়, তাহলে দেশের রাজনীতি হবে জনগণের প্রতি দায়বদ্ধ, ন্যায় ও সমতার ভিত্তিতে পরিচালিত এবং একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা পূরণ হবে।
লেখক: গবেষক ও রাজনৈতিক কলাম লেখক