কুমিল্লার মুরাদনগরে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের খোরশেদ আলমের বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মরিয়ম বেগম জানান, বুধবার সকালে তার নাতনি পুকুরে একটি পুতুল পড়ে থাকতে দেখে, সেটি তুলে দেওয়ার বায়না ধরে। পরে মরিয়ম বেগমের মেয়ে পুকুরে নেমে পুতুল ভেবে তুলতে গিয়ে দেখতে পান সেটি একটি নবজাতকের নিথর দেহ। বিষয়টি দ্রুত মুরাদনগর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও বলেন, শিশুটির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং পুলিশ দ্রুত তদন্ত শেষ করার আশা প্রকাশ করেছেন।
