সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাইঘাট এলাকায় গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে একটি চক্র গোপনে ৭টি ঘোড়া জবাই করে ঢাকায় মাংস পাঠানোর সময় স্থানীয়রা তা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাংস বিক্রেতা ও গাড়িচালককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আটক ঘোড়ার মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
কাজিপুর ইউএনও মো. মোস্তাফিজুর রহমান বলেন, কাজিপুর সদরের মেঘাইঘাটের ২ নম্বর স্পারবাঁধ এলাকা থেকে ৭টি বস্তায় ৭টি ঘোড়ার মাংসসহ দুজনকে আটক করা হয়। এরপর এ দুজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ঘোড়া জবাই ও মাংস বিক্রির অপরাধে বগুড়া জেলার মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুল ইসলামকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা ও মাংস পরিবহনের কাজে নিয়োজিত গাড়িচালক তারেক হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
