তথ্য চাওয়ায় সাংবাদিককে ‘স্টুপিড’ বললেন জবি শিক্ষক

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অন্য কেন্দ্র থেকে ভুলক্রমে চলে আসা শিক্ষার্থীদের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ওপর চড়াও হয়ে ‘স্টুপিড’ বলে গালি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীম। এ সময় তিনি সাংবাদিকদের ওপর চড়াও হয়ে হেনস্তাও করেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান এবং দৈনিক দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফাতেমা আলী।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভুল করে অন্য কেন্দ্র থেকে ছয়জন শিক্ষার্থী এই কেন্দ্রে চলে আসে। তাদের বিষয়ে তথ্য জানার জন্য ভুক্তভোগী দুই সাংবাদিক সেখানে দায়িত্বরত অধ্যাপক মো. আবদুল আলীমের কাছে তাদের বিষয়ে তথ্য জানতে চায়। তখন তিনি চড়াও হয়ে সাংবাদিকদের কাছে তথ্য জানতে চাওয়ার কারণ জানতে চান। সাংবাদিকরা বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করলে, অধ্যাপক মো. আবদুল আলীম চড়াও হয়ে দুই সাংবাদিককে বলেন, ‘স্টুপিড কোথাকার। আমাকে শিখাইতে আসছে কীভাবে কী করতে হবে। যাও এখান থেকে।’

এ বিষয়ে দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফাতেমা আলী বলেন, ভুল কেন্দ্রে পরীক্ষা দিতে আসে ছয়জন পরীক্ষার্থী, এই খবর পেয়ে আমি আর দৈনিক সংবাদের মেহেদী হাসান ভাই জবির মেডিকেল সেন্টারে কেন্দ্রের বাইরে এই বিষয়টির বিস্তারিত জানতে চাই অধ্যাপক আবদুল আলীম স্যারের কাছে। উনি বলেন এই বিষয়ে আমি কিছু বলব না তোমাদের কাছে কেন এই বিষয় বলব। সাংবাদিক তোমরা এই কত ব্যাচ, কোন ইয়ারে পড়। স্টুপিড, কোথাকার। আমাকে শিখাইতে আসছে কীভাবে কী করতে হবে। যাও এখান থেকে’ এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, ‘আমি তাকে স্টুপিড বলিনি। সেখানে অনেকে ছিল তাদের থেকে জেনে নিতে পারেন। আমি ডিনের দায়িত্বে আছি, আর সে আমাকেই জ্ঞান দিচ্ছে। তাই আমি কথা বলেছি।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আমরা বিষয়টি দেখছি, আমরা এখন ব্যস্ত সব কিছু নিয়ে। পরবর্তীতে বিষয়টি বিবেচনায় নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত