বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। ২০৩ এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) স্কোর নিয়ে শহরের বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’হিসেবে চিহ্নিত হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টা ৫৯ মিনিটে একিউআইর তথ্যানুযায়ী,৩০৮ একিউআই স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। এছাড়া পাকিস্তানের লাহোর, ইরানের তেহরান ও ভারতের কলকাতা যথাক্রমে ২৭৭, ১৭৫ ও ১৭১ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
