মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তবে তার মুখে একটুখানি হাসি ফোটাতে সন্তানের চেষ্টার কোনো কমতি থাকে না। তেমনই এক অনন্য নজির দেখালেন নারায়ণগঞ্জের বন্দর এলাকার প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ হাসান মিয়া খোকন। মায়ের লালিত স্বপ্ন পূরণ করতে তার জন্মদিন উপলক্ষ্যে শনিবার বিকালে গোটা নারায়ণগঞ্জ হেলিকপ্টারে মাকে ঘুরিয়ে দেখালেন তিনি।
জানা গেছে, গত বৃহস্পতিবার ছিল হামিদা খাতুনের (৬০) জন্মদিন ছিল। এ দিবসকে সামনে রেখে এই জাঁকজমপূর্ণ আয়োজন করা হয়। বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ৩ নম্বরের ওয়ার্ডের চরঘারমোড়া এলাকার মৃত সালামতউল্লাহর ছেলে মোহাম্মদ হাসান মিয়া খোকন তার মায়ের শখ পূরণ করতে এ আয়োজন করেন।
এদিন চরঘারমোড়া এলাকার বাগানবাড়ি হেলিপ্যাড থেকে হেলিকপ্টার উড্ডয়ন করে নারায়ণগঞ্জ ঘুরে আবার সেখানেই অবতরণ করা হয়। প্রবাসী মোহাম্মদ হাসান মিয়া খোকনের সিঙ্গাপুরে ব্যবসা রয়েছে। ২০২৪ সালে দেশের বাইরে সর্বোচ্চ রেমিট্যান্স করদাতা হিসেবে সিআইপি পদক লাভ করেছিলেন তিনি।
প্রবাসী মোহাম্মদ হাসান মিয়া খোকন বলেন, মাকে সম্মান জানিয়ে তার স্বপ্ন পূরণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমার বাবা অনেক আগেই মারা গেছেন। বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের প্রতিষ্ঠিত হওয়ার পেছনে মায়ের অনেক অবদান রয়েছে। একই সঙ্গে মায়ের জন্মদিন। যদিও আমার মা এসব জন্মদিন পালনে অভ্যস্ত না। তিনি আরও বলেন, মা আমাদের অনেক কষ্ট করে বড় করেছেন। মাকে সম্মানিত করা উচিত। এটা করলে আমাকে অন্যরাও অনুকরণ করবে। তার জন্মদিনকে সামনে রেখে এই আয়োজন করা হয়েছে। মা এই এলাকা থেকেই বড় হয়েছেন। আর তার এই এলাকাটা ওপর থেকে ঘুরে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এতে আমার মা কী পরিমাণ খুশি হয়েছেন সেটা বলে বুঝাতে পারবো না। পাশাপাশি আমার পরিবারের সদস্যরাও হেলিকপ্টারে ঘুরেছেন।
