তারেক রহমানকে কটূক্তি করা ব্যক্তির মুক্তি চায় বিএনপি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার এ কে এম শহিদুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বিএনপি। গতকাল শনিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তারেক রহমান গতকাল শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র মরহুম শহীদ শরিফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় এ কে এম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। বিএনপি এ গ্রেপ্তারকে গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন বলে মনে করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক দেশে প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার এবং নাগরিক অধিকার, যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশের সুযোগ দেয়। বিএনপি সবসময় গণতন্ত্র এবং বাক-স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। সুতরাং, মতপ্রকাশের কারণে এ কে এম শহিদুল ইসলামের গ্রেপ্তার ও কারাগারে প্রেরণকে সঠিক মনে করে না বিএনপি। দলটি অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানানোর অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর সম্প্রতি দেশে ফিরেছেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। শহীদ ওসমান হাদির কবর জিয়ারতও তার কর্মসূচির অংশ ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত