সবাইকে ছাপিয়ে ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

শাহরুখ খান, আল্লু অর্জুনদের ছাপিয়ে বছরের শেষে নতুন ইতিহাস গড়লেন রণবীর সিং।  বক্স অফিসে নতুন মাইলফলক গড়েছে এই অভিনেতার ধুরন্ধর সিনেমাটি।  মুক্তির চতুর্থ সপ্তাহে  এসে ‘ধুরন্ধর’ যে পরিমাণ ব্যবসা করেছে, তা দেখে কার্যত অবাক সিনেবিশ্লেষকরা। এদিন সিনেমাটি আয় করেছে ১১ দশমিক ২৫ কোটি রুপি। ২৭ ডিসেম্বর ছবিটির মোট আয় পৌঁছেছে ৬২২ কোটিতে,  শাহরুখ খানের সুপারহিট ‘জওয়ান’ সিনেমাকেও ছাড়িয়ে গেছে। 

চতুর্থ সপ্তাহের শনিবারে এর আগে সর্বোচ্চ আয় করেছিল ‘ছাবা’সিনেমাটি। সেই সিনেমা সেদিন আয় করেছিল ৫ দশমিক ৭৫ কোটি রুপি। কিন্তু সেই রেকর্ড এবার ভেঙে দিল ‘ধুরন্ধর’। যদিও তৃতীয় সপ্তাহের তুলনায় আয় কিছুটা কমেছে, তবুও প্রায় ৩০ শতাংশ বেশি ব্যবসা করাটা রীতিমতো বিস্ময়কর বলেই মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা। 

গত ৫ ডিসেম্বর আইনি জটিলতা ও বিতর্কের মাঝেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুরন্ধর’। তবে মুক্তির পর থেকেই দর্শকের সাড়া আর বক্স অফিসের সাফল্যে সব বাধা ছাপিয়ে গেছে সিনেমাটি। কয়েক সপ্তাহ ধরে ‘ধুরন্ধর’ জ্বরে কাবু গোটা দেশ, পাশাপাশি বিদেশের বাজারেও দাপট দেখাচ্ছে এই সিনেমা। 

বক্স অফিস পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ৬৬৯ কোটি রুপি আয় করেছে ‘ধুরন্ধর’। আর বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১,০০৬ দশমিক ৭ কোটি রুপিতে। মাত্র ২১ দিনেই হাজার কোটির গণ্ডি ছুঁয়ে ২০২৫ সালের বক্স অফিস তালিকায় শীর্ষস্থান দখল করেছে রণবীর সিং অভিনীত এই সিনেমা। 

এর আগে ‘ছাবা’ যেখানে ৮০০ কোটিতে থেমেছিল এবং ‘সাইয়ারা’র যাত্রা শেষ হয়েছিল ৫৮০ কোটিতে, সেখানে ‘ধুরন্ধর’ সেই সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করল বলিউডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত