মুন্সীগঞ্জের সিরাজদীখান ও লৌহজং উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চোর চক্রের দুই পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া একটি অটোরিকশাও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সিরাজদীখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবীপুর গ্রামের আব্দুর মজিদ শেখের ছেলে সিফাত শেখ (২৩) এবং লৌহজং উপজেলার খালপাড়া গ্রামের প্রয়াত আব্দুল জব্বারের ছেলে মামুন দেওয়ান (২২)।
পুলিশ জানায়, শনিবার দুপুর ২টার দিকে সিরাজদীখান উপজেলার জৈনসার গ্রামের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় অটোরিকশার চালক মো. শাহীন সিরাজদীখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর থানা পুলিশের একটি দল তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় রবিবার (২৮ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে সিরাজদীখান উপজেলার মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে সিফাত শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে একই দিন সকালে লৌহজং উপজেলার খালপাড়া গ্রামে অভিযান চালিয়ে মামুন দেওয়ানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
