শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

মঙ্গলবার বিচারকদের উদ্দেশে অভিভাষণ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ এএম

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথপাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

গত ২৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রমুখ। এ ছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, তিন বাহিনীর প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। শপথ নিয়ে নবনিযুক্ত প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে যান। সেখানে জাজেস লাউঞ্জে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে কুশলবিনিময় করেন তিনি। এরপর তিনি বিকেলে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান সাভার জাতীয় স্মৃতিসৌধে। 

সংবিধান অনুযায়ী, প্রধান বিচারপতিসহ উচ্চ আদালতের বিচারপতিরা নিয়োগলাভের পর ৬৭ বছর বয়স পর্যন্ত বিচারিক কার্যক্রম চালাতে পারেন। প্রধান বিচারপতি হিসেবে ১৬ মাস দায়িত্ব পালন শেষে গত শনিবার (২৭ ডিসেম্বর) অবসরে যান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। নবনিযুক্ত প্রধান বিচারপতির সঙ্গে আপিল বিভাগে এখন বিচারক হিসেবে আছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এসএম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।

১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন জুবায়ের রহমান চৌধুরী। তার গ্রামের বাড়ি বরিশালের মেহেদীগঞ্জের উলানিয়া গ্রামে। তার বাবা প্রয়াত এ এফ এম আবদুর রহমান চৌধুরী বিচারপতি ছিলেন। জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক (এলএলবি) ও স্নাতকোত্তর (এলএলএম) ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনের ওপর এলএলএম ডিগ্রি নেন। বাংলাদেশ বার কাউন্সিলের সনদলাভের পর ১৯৮৫ সালে তিনি অধস্তন আদালতে আইন পেশায় নিযুক্ত হন। ১৯৮৭ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন তিনি। দুই বছর পর একই বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। গত ১৩ আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা : নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী গতকাল বেলা সাড়ে ৩টার দিকে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রদ্ধা জানানোর পর প্রধান বিচারপতি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা জানানো শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এসএম এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুব এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বিচারকদের উদ্দেশে অভিভাষণ : নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামীকাল মঙ্গলবার অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে অভিভাষণ দেবেন। জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে সকাল ১০টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে এ অভিভাষণ অনুষ্ঠিত হবে। গতকাল সুপ্রিম কোর্ট প্রশাসনের একজন কর্মকর্তা দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। এদিকে গতকাল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় প্রধান বিচারপতির অভিভাষণ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত