নির্বাচনকে সামনে রেখে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ এএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে বিজিবি। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধসহ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিজিবি। স্বাধীনতার পর এই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় ১১০ বিজিবি সদস্য শহীদ হয়েছেন। এ ছাড়া বিভিন্ন অভিযানে বিপুল মাদকসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

গতকাল রবিবার সকালে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ওয়াগ্গাছড়া ব্যাটালিয়নের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস এসব কথা বলেন।

তিনি বলেন, দক্ষিণ-পূর্ব রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের মাধ্যমে ইতিমধ্যে চলতি বছরে বিভিন্ন অভিযানে ২টি দেশীয় রাইফেল, ২টি ১২ বোর পিস্তল, একটি ১২ বোর শটগান, একটি ৯ এম এম পিস্তল (যুক্তরাষ্ট্র), একটি ৮ এম এম পিস্তল (ভারতীয়), ৫০০ গ্রাম গান পাউডার, একটি একনলা দেশীয় বন্দুক, একটি এসএমজি (এম-৪, এ-১), দুটি ম্যাগজিন এবং ৫০০ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ছাড়া অভিযানে ২৯ আসামিসহ মদ, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন চোরাচালানির প্রায় ২৯ কোটি টাকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। দুর্গম সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সীমান্তের অতন্দ্র প্রহরী হয়েও বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারহাত, ক্যাপ্টেন আশরাফ, সহকারী পরিচালক উপেন্দ্রনাথ হালদার উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত