সফিকুর রহমান কিরণ বললেন

বেকারত্ব দূর করতে কর্মসংস্থান তৈরি করতে চাই

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ এএম

শরীয়তপুর-২ আসন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ বলেছেন, আমার কোনো বড় ভাই সরকারি কর্মকর্তা থাকতে পারেন। কোনো অবস্থাতেই যেন তিনি আমাকে নির্বাচনে জিতিয়ে নিতে সহযোগিতা করার জন্য শরীয়তপুরের প্রশাসনকে ধমক দেওয়ার সুযোগ তার না থাকে। একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গতকাল রবিবার বিকেলে শরীয়তপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কিরণ বলেন, ‘সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিন পর ভালো একটি পরিবেশে সব ভোটার আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে বলে আশা করছি। মানুষের ভালোবাসা ও তাদের মূল্যবান ভোটের মধ্য দিয়ে আগামীতে শরীয়তপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে কাজ করতে চাই। দেশের উন্নয়নের পাশাপাশি বেকারত্ব দূরীকরণের জন্য কর্মসংস্থান তৈরি করতে চাই। পিছিয়ে পড়া শরীয়তপুরকে উন্নয়নমূলক কাজ করে আধুনিক শরীয়তপুরের রূপ দিতে চাই। খাদ্য, শিক্ষা, চিকিৎসাসহ সব শ্রেণি-পেশার মানুষকে তাদের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে চাই। আমি সারা জীবন জনগণের পাশে ছিলাম, পাশে আছি এবং সারা জীবন তাদের পাশে থেকেই কাজ করে যেতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত