বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন।
এ উপলক্ষে আগামী বৃহস্পতিবার তার সিলেট যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেট; বগুড়া তাঁর নির্বাচনী এলাকা। তিন দিনের জন্য তিনি এসব এলাকা সফরে যাবেন।
রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমবার বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক-এগারোর পট পরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসনের জন্য এই কার্যালয় খোলা হয়। গুলশান অ্যাভিনিউর বাসা থেকে গতকাল রবিবার দুপুর ১টা ৪০ মিনিটে তারেক রহমানের গাড়ি এই কার্যালয়ে প্রবেশ করে।
তারেক রহমান শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করে দোতলায় নিজের কক্ষে গিয়ে বসেন। পরে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে দল মনোনীত প্রার্থী হিসেবে ফরম পূরণ করেন। আজ সোমবার তার মনোনয়ন পত্র জমা দেওয়া হবে।
সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসনেও লড়বেন তারেক রহমান।
