ঝিনাইদহের ৪টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৭ প্রার্থী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম

জেলার সংসদীয় চারটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট ২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলার অন্যান্য উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুজন। তারা দুজনই বিএনপির মনোনয়ন বঞ্চিত বলে জানা গেছে। এর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও একই আসনে বিএনপির সাবেক সাংসদ শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা খাতুন।

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন
সোমবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে এই আসনে মনোনয়নপত্র জমা দেন এএসএম মতিউর রহমান (জামায়াতে ইসলামীর প্রার্থী), মো. আলম বিশ্বাস (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মনিকা আলম (জাতীয় পার্টি), সহিদুল এনাম পল্লব মিয়া (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী), মো. আসাদুজ্জামান (বাংলাদেশ খেলাফত মজলিস) ও মো. মতিয়ার রহমান (এবি পার্টি)। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান গত রোববার (২৮ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেন।

ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসন
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. আব্দুল মজিদ (বিএনপি), আলী আজম মোহাম্মদ আবু বকর (জামায়াতে ইসলামী), এইচএম মোমতাজুর রহমান (ইসলামী আন্দোলন), সাওগাতুল ইসলাম (জাতীয় পার্টি), মো. আবু তোয়াব (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), আসাদুল ইসলাম আসাদ (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ),

ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন
দুটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান (বিএনপি), অধ্যাপক মতিয়ার রহমান (জামায়াতে ইসলামী), মাও. সারোয়ার হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. সুমন কবির (গণঅধিকার পরিষদ, জিওপি) ও মুজাহিদুল ইসলাম (আমার বাংলাদেশ পার্টি)।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসন
এই আসনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাশেদ খাঁন (বিএনপি), সাইফুল ইসলাম ফিরোজ (স্বতন্ত্র/বিএনপি), মুর্শিদা খাতুন (সতন্ত্র/বিএনপি), আহমদ আব্দুল জলিল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আবু তালিব (জামায়াতে ইসলামী), এমদাদুল ইসলাম বাচ্চু (জাতীয়পার্টি), ওবায়দুল হক রাসেল (স্বতন্ত্র), খনিয়া খানম (গণফোরাম), মীর আমিনুল ইসলাম (স্বতন্ত্র)।

সোমবার দিনের বিভিন্ন সময়ে প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলাস্থ সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্ত মো. আবুল হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলার সংসদীয় চারটি আসনে মোট ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত