ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রুহিন হোসেন প্রিন্স

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পিএম

আজ ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুরে গাজীপুর-৪ আসনে সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী মানবেন্দ্র দেব-এর মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এ উপলক্ষে কাপাসিয়া উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, উপজেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমসহ দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুহিন হোসেন প্রিন্স বলেন, “দেশে ভয়ভুক্ত পরিবেশ নিশ্চিত করা ছাড়া নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা যাবে না। দুর্ভাগ্যজনকভাবে সেই পরিবেশ এখনো তৈরি হয়নি।”

তিনি আরও বলেন, লুট হয়ে যাওয়া অস্ত্রসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেই। এক্ষেত্রে জরুরি ভিত্তিতে জোরালো তৎপরতা প্রয়োজন।

রুহিন হোসেন প্রিন্স অভিযোগ করেন, এবারের নির্বাচনের শুরুতেই সাম্প্রদায়িকতা, শক্তি প্রদর্শন ও নীতিহীনতা ভয়াবহ রূপ নিয়েছে।

“এই পরিস্থিতি চলতে থাকলে নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করা যাবে না, বরং প্রশাসনিক কারসাজির সুযোগ আরও বাড়বে।”

তিনি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি। এর মধ্য দিয়েই দেশে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা সম্ভব। তবে এখনো নানা অপশক্তি সক্রিয় রয়েছে, যারা এই গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে চায়। এর বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তি ও সচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

আসন্ন নির্বাচনে গাজীপুর-৪ আসনে সিপিবির প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, তরুণ কমিউনিস্ট নেতা মানবেন্দ্র দেব কাস্তে মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন, এবং আজ তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

রুহিন হোসেন প্রিন্স বলেন, “বামপন্থীরা সমাজ পরিবর্তনের যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, সেই সংগ্রামকে এগিয়ে নিতেই সংসদে যেতে চায়। সংসদে দেশের অবহেলিত কৃষক ও শ্রমিকদের পক্ষে নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই তাদের লক্ষ্য।”

তিনি আরও উল্লেখ করেন, “দীর্ঘদিন ধরে আমাদের জাতীয় সংসদ ব্যবসায়ী ও কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে। এই অবস্থার অবসান না ঘটালে গণতন্ত্রকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।”

তার মতে, এবারের ভোটে জনগণের সামনে সুযোগ এসেছে সাধারণ মানুষের স্বার্থের প্রতিনিধিকে নির্বাচিত করে সংসদে কথা বলার জায়গা তৈরি করার। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের সচেতন মানুষ নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য নীতি-নিষ্ঠ রাজনৈতিক দল ও তাদের প্রার্থীকে বেছে নেবেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় প্রার্থী মানবেন্দ্র দেব বলেন, “দেশে বর্তমানে এক অশান্ত পরিবেশ বিরাজ করছে এবং মানুষ শান্তি চায়। দেশের অর্থনীতি ও রাজনীতিতে দুর্বৃত্তায়ন রুখে দাঁড়ানো ছাড়া এই সংকট থেকে মুক্তি নেই। ছাত্রজীবন থেকেই আমি এই লক্ষ্য অর্জনের সংগ্রামে যুক্ত আছি এবং জাতীয় সংসদেও নীতি-নিষ্ঠ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে চাই। জনগণের সমর্থন পেলে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত