উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ জুলফিকার আলম শিমুল, সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইব্রাহিম খলিল, মোহাম্মদ আইয়ুব আলী (আশরাফী) ও মো. মন্টু আলমের নিয়োগ বাতিল করে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। গত রবিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ চার আইন কর্মকর্তাদের অব্যাহতির বিষয়টি জানানো হয়। এর মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলম শিমুলের অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপনে জনস্বার্থে তার নিয়োগ বাতিলের কথা বলা হলেও তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিলের কারণ উল্লেখ করা হয়নি।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ এর ৪ (১) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলম শিমুলের নিয়োগ আদেশ জনস্বার্থে বাতিলক্রমে তাকে এই পদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দিয়ে তাদের নাম উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী অ্যাটর্নি জেনারেল পদে এ বিভাগের ২০২৪ সালের ২৮ আগস্ট তারিখের স্মারকে প্রদত্ত নিয়োগ আদেশ বাতিলক্রমে তাদের ওই পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো।
