স্বর্ণ ২৬ লাখ টাকার

হাসনাত আব্দুল্লাহর সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তাঁর সম্পদ ও আয়ের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। হলফনামা অনুযায়ী, স্থাবর ও অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা।

জমা দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫–২০২৬ অর্থবছরে তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তাঁর নামে কোনো কৃষিজমি নেই। তবে ব্যাংকে তাঁর নামে ২৬ লাখ টাকার সোনা থাকার কথা উল্লেখ করা হয়েছে। পারিবারিকভাবে পিতা-মাতা, স্ত্রী ও সন্তান তাঁর আয়ের ওপর নির্ভরশীল বলে হলফনামায় উল্লেখ রয়েছে।

গত সোমবার (২৯ ডিসেম্বর) দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় আরও বলা হয়, তাঁর কাছে এক লাখ টাকার আসবাবপত্র এবং ৬৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। তাঁর বিরুদ্ধে কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

হলফনামার তথ্যমতে, তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন রয়েছে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। পিতা-মাতা, স্ত্রী কিংবা সন্তানের নামে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তাঁর কোনো ঋণ নেই। পেশা হিসেবে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেছেন। তাঁর স্ত্রী গৃহিণী।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন হাসনাত আবদুল্লাহ। এ আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপি মনোনীত দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

দেবিদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৪ নির্বাচনি আসনটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মোট ১১৬টি কেন্দ্রের ৭২৫টি কক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত