৫ ব্যাংকের সম্পদ সম্মিলিত ইসলামী ব্যাংকে হস্তান্তর

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:১২ এএম

একীভূত করা পাঁচ ব্যাংকের চলতি, সঞ্চয়ী, স্থায়ী আমানত, স্থাবর ও অস্থাবর সম্পদ, দায় ও চুক্তিসমূহ আইনগতভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট অধ্যাদেশ অনুযায়ী আমানতকারীরা ২ লাখ টাকা পর্যন্ত আমানত উত্তোলন করতে পারবেন। এ লক্ষ্যে ব্যাংক রেজুলেশনের আওতাধীন ব্যাংকগুলোতে আমানত সুরক্ষা তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ স্থানান্তর করা হয়েছে। কোনো গ্রাহক এ অর্থ উত্তোলন না করলে তিনি তার স্থিতির উপর বাজারভিত্তিক মুনাফা পাবেন।

গত ৩০ ডিসেম্বর ব্যাংক রেজুলেশন স্কিম ২০২৫ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, এ প্রজ্ঞাপনের মাধ্যমে পাঁচটি ব্যাংকের চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তর হয়েছে। নির্ধারিত মেয়াদ পূর্তির আগে স্থায়ী আমানত পরিশোধযোগ্য নয়। আমানতকারীরা তাদের বিদ্যমান বকেয়া স্থিতির বিপরীতে সর্বোচ্চ ২০ শতাংশ ঋণ বা বিনিয়োগ সুবিধা নিতে পারবে। তবে, নতুন আমানতের বিপরীতে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ঋণ বা বিনিয়োগের সুযোগ নিতে পারবে।

পাঁচটি ব্যাংকে কর্মরত, অভিযোগ বা মামলা নেই এমন সব কর্মকর্তা বা কর্মচারী সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারী হিসেবে স্থানান্তর হবেন। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে পরিচালনা পর্ষদ চাকরির শর্তাবলি পুনঃনির্ধারণ করতে পারবে। কেউ লিখিতভাবে চাকরি না করার ইচ্ছা প্রকাশ করলে ইস্তফা দিতে পারবে।

ব্যাংক রেজুলেশন ২০২৫ সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক জানায়, রেজুলেশন স্কিম কার্যকর হওয়ার তারিখ হতে এবং বাংলাদেশ ব্যাংক বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক ভিন্ন কোনো নির্দেশ জারি না করা পর্যন্ত, হস্তান্তরকারী ব্যাংকের নামে বা পরিচয়ে মুদ্রিত, প্রকাশিত বা ব্যবহৃত সব চেক বই, ডিপোজিট স্লিপ, উত্তোলন স্লিপ , ভাউচার, ফরম, রসিদ, আবেদনপত্র এবং অন্য সব ব্যাংকিং দলিল, যে নামেই বা যে পরিচয়েই মুদ্রিত বা উপস্থাপিত হোক না কেন, এসব দলিলগুলো হস্তান্তরগ্রহীতা ব্যাংকের বৈধ ও অনুমোদিত দলিল বলে গণ্য হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন ব্যবস্থাপনায় গ্রাহকের জমা অর্থ সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত থাকবে। লেনদেন পূর্বের নিয়ম অনুযায়ী স্বাভাবিকভাবে চলবে। এই রেজুলশন প্রক্রিয়া-ব্যাংকিং ব্যবস্থায় আস্থা সৃষ্টির জন্য একটি সংস্কারমূলক ও সক্রিয় পদক্ষেপ। নতুন ব্যাংকটিতে ঝুঁকি ব্যবস্থাপনা ও গভার্ন্যান্স শক্তিশালী করতে সবোর্চ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

এ ছাড়া সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক সরাসরি তত্ত্বাবধানে উল্লিখিত সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমানতকারীর অর্থের সুরক্ষা ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও আর্থিক সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সামগ্রিকভাবে আর্থিক খাতের স্থিতিশীলতার অগ্রগতি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধনের মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা প্রদান করেছে। বাকি ১৫ হাজার কোটি টাকা ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির স্থায়ী আমানত এবং অন্য প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধনে রূপান্তর করা হবে।

তবে, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, প্রভিডেন্ট ফান্ড, জয়েন্ট ভেঞ্চার, বহুজাতিক কোম্পানি ও বিদেশি দূতাবাস এ বিধানের আওতায় পড়বে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত