ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ের প্রথম দিনে খুলনা-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ ছাড়া ৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
খুলনার আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী থানা) আসনে গত মঙ্গলবার শেষদিন পর্যন্ত ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
গতকাল বুধবার বেলা ১১টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইকালে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া ৩ প্রার্থী হলেন, স্বতন্ত্র প্রার্থী এসএম আরিফুর রহমান মিঠু, মো. আবুল হাসনাত সিদ্দিক ও আব্দুর রউফ মোল্লা।
