নেইমারের চুক্তি কি তবে হয়েই গেল?

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে নেইমারের ভাগ্য নিয়ে নানারকম খবর আসছে। বিশ্বকাপ দলে সুযোগ পেতে ইউরোপের আশা ছেড়ে নেইমার নাকি সান্তোসে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবার জানা গেল, নেইমার নাকি সান্তোসের সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং আরও এক বছর ক্লাবেই থাকছেন। খবরটি জানিয়েছে ‘গোল ডট কম’।

চুক্তি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ৩৩ বছর বয়সী এই আক্রমণভাগের তারকা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সান্তোসে থাকবেন। নববর্ষের আগের রাতে বিষয়টি নিশ্চিত হলেও চুক্তির আর্থিক শর্তসহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ক্লাবটি ইঙ্গিত দিয়েছে, তাদের সবচেয়ে বড় তারকা নেইমার নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। প্রত্যাশার চেয়েও দীর্ঘ সময়ের জন্য ক্লাবের আইকনকে ধরে রাখতে সক্ষম হয়েছে ক্লাবটি।

গতকাল ৩১ ডিসেম্বর সান্তোসের সাথে নেইমারের চুক্তি শেষ হয়ে যায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে সান্তোস ভিলা বেলমিরো স্টেডিয়ামের স্কোরবোর্ড প্রদর্শন করেছে। যেখানে বজ্রপাতের দৃশ্যের পর তারিখ পরিবর্তিত হয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর হয়ে যায়। ভিডিওতে নেইমারের নাম সরাসরি উল্লেখ না থাকলেও তার চুক্তি নবায়ন সম্পর্কে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ক্যারিয়ারজুড়ে চোটের সঙ্গে লড়াই করা নেইমারের এই মুহূর্তে বড় টার্গেট ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির শর্ত পূরণ করে ২০২৬ বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়া। এর জন্য নেইমারকে পারফর্মেন্সের পাশাপাশি শতভাগ ফিটনেসের কঠিন শর্ত দিয়েছেন আনচেলত্তি। সম্প্রতি বাঁ হাঁটুতে আবার অস্ত্রোপচার হওয়ায় নতুন জাতীয় দলের কোচের অধীনে প্রথমবার ডাক পাওয়াটা এখন তার জন্য সময়ের সাথে যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছে।

আনচেলত্তি ইতোমধ্যেই জানিয়েছেন, দল নির্বাচন করতে গিয়ে কেবল একজন খেলোয়াড় নয়, পুরো ব্রাজিল দলকেই অগ্রাধিকার দেওয়া হবে—নেইমার থাকুক বা না থাকুক। ভয়াবহ হাঁটুর চোটের কারণে ২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে আর জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি নেইমারের। বার্সেলোনা ও পিএসজি ঘুরে আল হিলাল হয়ে ফের সান্তোসে যোগ দেওয়ার পর চোটের কারণে মোট ৮৯টি ম্যাচ মিস করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত