ছুরিকাঘাতের পর আগুনে পুড়িয়ে ব্যবসায়ীকে হত্যা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম

শরীয়তপুরের ডামুড্যায় ছুরিকাঘাত শেষে শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় সেই ঔষধ ব্যবসায়ী খোকন দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার সকাল ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা ঔষধ বিক্রেতা ও মোবাইল ব্যাংকই বিকাশের এজেন্ট খোকন দাস। এ সময় তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টায় চালায়। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরবর্তীতে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার দুপুরে তার শরীরের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে কনেশ্বর এলাকার সোহাগ খান (২৭) রাব্বি মোল্যা (২১) ও পলাশ সরদারের (২৫) বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এ দিকে তিনদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে খোকন দাস মারা যান। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তানভীর হোসেন বলেন, আমরা ইতোমধ্যে তার স্বজনদের কাছ থেকে মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। আমরা বিষয়টি খোঁজ খবর নিচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত