রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে ঘটনাস্থলে যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরাও।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় মোবাইল ব্যবসায়ীদের ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। জবাবে জলকামান, লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে রবিবার সোনারগাঁও হোটেলের মোড়ে অবস্থান নেন ব্যবসায়ীরা। এরপর থেকে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং টানটান উত্তেজনা লক্ষ্য করা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টা থেকে জড়ো হয়ে সড়কে পরিবারসহ অবস্থান নেন ব্যবসায়ীরা। দুপুর ১২ টার দিকে তাদের সড়ক থেকে সরে যেতে বাধ্য করে পুলিশ। এর আগে ব্যবসায়ীর জড়ো হয়ে রাস্তায় নামার আগেই আটক হন বেশ কয়েকজন। এরপর সোনারগাঁও হোটেলের মোড়ে অবস্থান নেন কয়েকশ ব্যবসায়ী।
গত বৃহস্পতিবার থেকে হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করতে এনইআইআর কার্যকর করা হয়। এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে মোবাইল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছিলেন।
সরকারের অভিযোগ, ব্যবসায়ীদের একটি অংশ অবৈধভাবে কর ফাঁকি দিয়ে নিম্নমানের, ক্লোনড এবং ব্যবহৃত ফোন দেশের বাজারে সরবরাহ করছে। কর ফাঁকি রোধ এবং অবৈধ ও নিম্নমানের হ্যান্ডসেট আমদানি বন্ধ করতে এনইআইআর পদ্ধতি চালু করেছে অন্তবর্তী সরকার।
