সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ গমন, ২৭৩ জন আটক

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

 



বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (৩ জানুয়ারী) দিবাগত রাতে সেন্টমার্টিন্স দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ গমনকালে ২৭৩ জন ব্যক্তি এবং একটি কাঠের বোট আটক করা হয়। আজ রবিবার  (৪ জানুয়ারী) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নৌবাহিনী।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সুত্রে  নৌবাহিনী জানায়, আটককৃত সকল ব্যক্তি অবৈধভাবে মালয়েশিয়ায় গমনের উদ্দেশ্যে যাত্রা করেছিল। নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপের ফলে সম্ভাব্য একটি বড় ধরনের মানবপাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে।

সেন্টমার্টিন্স থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’। নৌবাহিনী জাহাজ বোটটিকে থামার জন্য সংকেত প্রদান করলে বোটটি না থেমে তার গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নৌবাহিনী জাহাজ তৎক্ষণাৎ বোটটিকে ধাওয়া করে বোটটিকে আটক করে। এ সময় বোটে থাকা দালালচক্রের ১০ সদস্যসহ ২৭৩ জনকে আটক করা হয়। আটককৃতদের তথ্যমতে জানা যায়, তারা দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে বোটযোগে যাত্রা করে।  আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত