আসন্ন জাতীয় নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের হলফনামা ও আয়কর রিটার্নে আয়ের গরমিল পাওয়া গেছে। তার হলফনামা ও আয়কর রিটার্নে উল্লিখিত আয় ও সম্পদের পরিমাণে বড় ধরনের পার্থক্য দেখা গেছে।
হলফনামা বিশ্লেষণে দেখা যায়, ২৭ বছর বয়সী এই নেতা হলফনামায় নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। ব্যবসা থেকে তিনি বছরে আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা। কিন্তু ২০২৫-২৬ সালের আয়কর রিটার্নে তার আয় উল্লেখ করা হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা। এতে তার হলফনামার তথ্যের চেয়ে আয়কর রিটার্নের আয়ের পরিমাণ তিনগুণেরও বেশি।
একইভাবে সারজিস আলমের সম্পদের তথ্যেও গরমিল রয়েছে। তিনি আয়কর রিটার্নে মোট ৩৩ লাখ ৭৩ হাজার টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন। তবে হলফনামায় উল্লেখযোগ্যভাবে কম সম্পদ দেখানো হয়েছে।
হলফনামায় অস্থাবর সম্পদ হিসেবে নগদ ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা এবং ব্যাংকে এক লাখ টাকা জমা থাকার কথা উল্লেখ করেছেন তিনি। এছাড়া তার ৭৫ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য ও ৭৫ হাজার টাকার আসবাব আছে। তবে তার কোনো স্বর্ণালংকার নেই।
স্থাবর সম্পদ হিসেবে দান পাওয়া সাড়ে ১৬ শতাংশ কৃষিজমি আছে তার। এই জমির অর্জনকালীন মূল্য সাড়ে ৭ হাজার টাকা হলেও বর্তমানে আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এভাবে স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তিনি হলফনামায় ১০ লাখ টাকার মালিক বলে উল্লেখ করেছেন।
