মোস্তাফিজ ভালো মানের খেলোয়াড়। তাকে খেলতে না দেওয়ার বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে এই ক্রিকেটার ইস্যুতে দুই দেশের মধ্যে যে রাজনৈতিক টানাপড়েন তৈরি হয়েছে তার কোনো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, মুস্তাফিজকে নিয়ে যেটা ঘটেছে, সেই শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি। খেলাধুলা হচ্ছে একটি দেশের সফট পাওয়ার। খেলোয়াড়দের আমরা এম্বাসেডর বলি। একজন ভালো খেলোয়াড় খেলতে যাবে, তাকে দয়া-দাক্ষিণ্য করে নেওয়া হয়নি। হঠাৎ করে বন্ধ করে দেওয়া অপ্রত্যাশিত এবং দুঃখজনক। এটা দুই দেশের কারও জন্যই ভালো নয়। আমার মনে হয়, এখানে ইমোশনাল বিষয় কাজ করেছে। দুই পক্ষই বিষয়টি বিবেচনা করবে। আমরা চাই না সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক। মুস্তাফিজ একজন সেরা খেলোয়াড়Ñএটা সবাই স্বীকার করে, তারাও স্বীকার করে। বাংলাদেশ যে প্রতিক্রিয়া জানিয়েছে, সেটি সম্পূর্ণভাবে উপযুক্ত।
ড. সালেহ উদ্দিন আহমেদ জানান, অন্তর্বর্তী সরকারের সময়েই জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগে বিভক্তের কাজ শেষ করা হবে। এ বিষয়ে সব প্রক্রিয়া শেষ করা হয়েছে। তিনি জানান, গতকাল ২ কোটি লিটার সয়াবিন তেল সংগ্রহ, জ্বালানি তেল আমদানি, মসুর ডাল সংগ্রহের বিষয়গুলো অনুমোদন দেওয়া হয়েছে।
