হালান্ডের ১৫০তম গোলের ম্যাচে শিরোপার দৌড়ে বড় হোঁচট ম্যান সিটির

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:০৮ পিএম

প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে আরেক দফা হোঁচট খেল ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ঘরের মাঠে ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে আর্লিং হলান্ডের ক্লাব ক্যারিয়ারের ১৫০তম গোলও সিটিকে জয় এনে দিতে পারেনি। পেনাল্টি থেকে ৪১তম মিনিটে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে কাওরু মিতোমার গোলে ম্যাচ শেষ হয় সমতায়।

এই নিয়ে টানা তিন ম্যাচ ড্র করল সিটি, যার মধ্যে দুটি আবার নিজেদের মাঠে। ফলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া হলো। ম্যাচ শেষে হতাশ গার্দিওলা বলেন, ‘আমরা সুযোগ তৈরি করেছি, কিন্তু গোল করতে পারিনি। সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। এটা শুধু একজন বা দুজনের ব্যাপার নয়, আক্রমণভাগের সবাইকেই এই দায় নিতে হবে।’

এই ড্রয়ে আর্সেনালের থেকে ৫ পয়েন্ট পিছিয়ে রইল দ্বিতীয় স্থানে থাকা সিটি। সেটাও এক ম্যাচ বেশি খেলে। আগামী বৃহস্পতিবার লিভারপুলকে হারাতে পারলে আর্সেনাল লিড বাড়িয়ে ৮ পয়েন্টে নিয়ে যেতে পারে। অন্যদিকে, অ্যাস্টন ভিলাও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। ক্রিস্টাল প্যালেসের মাঠে গোলশূন্য ড্র করে শীর্ষে ওঠার দৌড়ে পিছিয়ে পড়ে উনাই এমেরির দল। তারা এখন সিটির সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত