চট্টগ্রাম

বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের বহিষ্কার করল এলডিপি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০১:১১ পিএম

চট্টগ্রামে বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের শাহ আমানত মার্কেট এলাকায় দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

লিখিত বক্তব্যে চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. আজহারুল ইসলাম অপু বলেন, সম্প্রতি যারা এলডিপি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের দলীয় শৃঙ্খলা অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের দায়ে বহিষ্কার করা হয়েছে। এসব সুবিধাবাদী ব্যক্তিকে ভবিষ্যতে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া কিছু আদর্শহীন মানুষ দল ছেড়ে যাওয়ায় এলডিপির কোনো সাংগঠনিক ক্ষতি হবে না। বরং এতে দল আরও পরিচ্ছন্ন, সুসংগঠিত ও শক্তিশালী হবে।

এলডিপি জামায়াতের সঙ্গে একীভূত হয়েছে এ প্রসঙ্গে তিনি বলেন, কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলডিপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। স্পষ্টভাবে বলতে চাই, জামায়াতের সঙ্গে এলডিপির কোনো রাজনৈতিক একীভূতকরণ হয়নি। কেবল নির্বাচনী আসন সমঝোতা হয়েছে। এলডিপি নিজস্ব স্বকীয়তা ও প্রতীক বজায় রেখেই নির্বাচনে অংশ নেবে।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে চট্টগ্রাম-১০ আসনে এলডিপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতা ফাহাদ চৌধুরী দিপু, চট্টগ্রাম মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক নুরুল আজগর চৌধুরী, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিএম সায়েদুল হক, কোতোয়ালি থানা এলডিপির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক ইকরামুল করিম ইমন ও মহানগর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

গত ৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন এলডিপির একঝাঁক নেতাকর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত