যুক্তরাষ্ট্রে কবিকে হত্যা করে সন্ত্রাসী তকমা!

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ এএম

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে গত বুধবার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) এক কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী রেনে নিকোল গুড নামের এক নারী নিহত হন। তিন সন্তানের জননী ওই নারী সম্প্রতি কানসাস সিটি থেকে মিনিয়াপোলিসে বাসা বদল করেছিলেন। রেনে ছিলেন একজন পুরস্কারপ্রাপ্ত কবি, লেখক এবং শখের গিটারবাদক। তিনি নিজেকে সোশ্যাল মিডিয়ায় বর্ণনা করতেন ‘কবি, লেখক, স্ত্রী ও মা’ হিসেবে। তবে তার হত্যাকাণ্ডের পরে আইসিই, হোয়াইট হাউজসহ খোদ প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সন্ত্রাসী তকমা দিয়েছেন। ট্রাম্প তাকে পেশাদার উসকানিদাতা হিসেবেও উল্লেখ করেন।

কলোরাডো স্প্রিংসে জন্ম নেওয়া রেনে ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটি থেকে ২০২০ সালে ইংরেজিতে ডিগ্রি অর্জন করেন এবং ‘অন লার্নিং টু ডিসেক্ট ফেটাল পিগস’ শীর্ষক কবিতার জন্য একাডেমি অব আমেরিকান পোয়েটসের স্নাতকপর্যায়ের পুরস্কার লাভ করেন। তার স্বজন ও পরিচিতজনদের ভাষ্য, তিনি একজন সহানুভূতিশীল, দয়ালু ও খ্রিস্টান নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। তার মা ডোনা গ্যাঙ্গার তাকে বর্ণনা করেন সবচেয়ে দয়ালু মানুষদের একজন হিসেবে, যিনি সারা জীবন অন্যের খেয়াল রেখেছেন।

ঘটনার দিন রেনে আইসিইর অভিযান পর্যবেক্ষণের জন্য ‘লিগ্যাল অবজারভার’ হিসেবে উপস্থিত ছিলেন বলে শহরের নেতারা জানান। তিনি কোনো আক্রমণাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে তার পরিবারের দাবি। কিন্তু ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী’ আখ্যা দেওয়া হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম দাবি করেন, রেনে তার গাড়ি দিয়ে পথ আটকে এবং এজেন্টদের চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, যা ‘আত্মরক্ষার্থে’ গুলি চালানোর কারণ হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পও তাকে ‘পেশাদার উসকানিদাতা’ বলে অভিহিত করেন।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বহু মানুষ ‘জাস্টিস ফর রেনে’ লেখা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন। তার পরিবারের জন্য খোলা গো ফান্ড মি তহবিলে মাত্র ১৫ ঘণ্টায় ৫ লাখ ডলারেরও বেশি অর্থ সংগ্রহ হয়, যার লক্ষ্য ছিল ৫০ হাজার ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত