রাজনৈতিক বন্দিদের মুক্তি দিচ্ছে ভেনেজুয়েলা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৩৭ এএম

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র অপহরণ করে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকার সেসব বন্দিদের ছেড়ে দেওয়া শুরু করেছে। কারাকাস এ মুক্তিকে ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে অভিহিত করছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচন কিংবা সরকারবিরোধী তুমুল বিক্ষোভের সময় আটক এ ‘রাজনৈতিক বন্দিদের’ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই চাপ দিয়ে আসছিল।

গত বৃহস্পতিবার ডেলসি রদ্রিগেজের ভাই ও ভেনেজুয়েলার পার্লামেন্টে ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হর্গে রদ্রিগেজ রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় বলেছেন, সামনে উল্লেখযোগ্য সংখ্যক বন্দি মুক্তি পাবেন। তবে সবমিলিয়ে এ সংখ্যাটি কত হবে এবং তাদের পরিচয় জানাননি তিনি।

ভেনেজুয়েলার কারাগারগুলোতে কয়েকশ রাজনৈতিক বন্দি আটক আছে, তাদের মধ্যে এখন পর্যন্ত হাতেগোনা কয়েকজনকেই ছাড়া হয়েছে। হর্গে বলেছেন, অন্তর্বর্তী সরকার ‘জাতীয় ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের’ স্বার্থে এ বন্দিদের মুক্তি দিচ্ছে। দেশটির মানবাধিকার সংগঠনগুলো এ খবরকে ‘সতর্কতার সঙ্গে’ স্বাগত জানিয়েছে। তাদের অনেক সদস্য এখনো কারাগারে আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত