বগুড়ায় জাপা অফিস এখন জুলাইযোদ্ধাদের, প্রচারণা চলবে গণভোটের

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম

বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় এখন জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের। এখানে তারা গণভোটের প্রচারণা চালাবেন বলে জানা গেছে।

শনিবার বিকেল সাড়ে ৪টায় জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাগণ সংগঠনের রাজশাহী বিভাগীয় সহ সম্পাদক নাহিদ বিষয়টি জানিয়েছেন। এদিকে পুলিশ বলছে, ওই জায়গাটির বিষয়ে ডিসি অফিস সিদ্ধান্ত নেবে। বগুড়া শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবস্থিত জেলা জাতীয় পার্টির কার্যালয় (সাবেক উত্তরা সিনেমা হল)। 

খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনে গণভোটের প্রচারণার জন্য কয়েক দিন আগে জাতীয় পার্টির কার্যালয়ে বগুড়ার জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাগণরা একটি ব্যানার টানিয়ে দেয়। এরই প্রেক্ষিতে শনিবার দুপুরের দিকে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বগুড়ায় জাপা অফিসে বিক্ষোভ করা হয়।

এ সময় জুলাই যোদ্ধারা জানান, দেশের ক্রান্তিলগ্নে জাতীয় পার্টির আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তারা আওয়ামী লীগের দোসর। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ অন্যায়ভাবে জেল-জুলুম দিয়েছে। কারণ জাতীয় পার্টি তখন নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দল হয়েছিল। আজ তারা খালেদা জিয়ার মৃত্যুর পর শোকাহত ব্যানার লাগিয়ে সমবেদনা জানাচ্ছে। আমরা তার প্রতিবাদ জানাই।

জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাগণ সংগঠনের রাজশাহী বিভাগীয় সহ সম্পাদক নাহিদ বলেন, জাতীয় পার্টির কার্যালয় থেকে আমরা গণভোটের প্রচারণা চালাব। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য। এখানে মানুষকে বোঝানো হবে গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ দিলে কি হবে।

জাতীয় পার্টির কার্যালয়ে কেন এমন প্রশ্নে তিনি বলেন, এরা আওয়ামী লীগের দোসর। গত কয়েকদিন আগে এখানে ব্যানার লাগানো হয় গণভোটের প্রচারের জন্য। জাপা জেলা সভাপতি জিন্নাহর লোকজন আমাদের সংগঠনের সদস্যদের নানা ভাবে হুমকি দিচ্ছে এবং কয়েকজনকে ধাক্কাধাক্কি করেছে। তাই আমরা ওখানে অবস্থান নিয়েছি। এখান থেকে আমরা গণভোটের প্রচারণা চালাবো।

এনসিপির বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। তারা এই কার্যালয়ে আসলে তাদের প্রতিহত করবে সাধারণ জনগণ। এখান থেকে জুলাইযোদ্ধারা গণভোটের প্রচারণা চালাবে। আর অফিসটি জাপার নামে লিজ করা নেই।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল জানান, আমরা বিষয়টি জেনেছি। ওই অফিসের বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সিদ্ধান্ত নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত