বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে দুই ভাইয়ের দ্বন্দ্ব থামাতে গিয়ে চাচাতো ভাই জহিরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাকারী মুনসুর সিকদারকে আটক করেছে পুলিশ।
আমতলী থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মুনসুর সিকদার ও তার আপন ভাই ফরিদ সিকদারের মধ্যে পৈতৃক সূত্রে পাওয়া ২৬ শতাংশ জমি নিয়ে ২৫-৩০ বছর ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। তাতেও কোনো সুরহা হয়নি। ঘটনার দিন গতকাল বেলা সাড়ে ১১টায় মুনসুর সিকদার ছুরি নিয়ে তার আপন ভাই ফরিদ সিকদারকে হত্যার উদ্দেশে ধাওয়া করেন। এ সময় তাদের চাচাতো ভাই জহিরুল ইসলাম সিকদার (৪০) বাধা দিলে মুনসুর সিকদার তার শরীরে ছুরি বসিয়ে দেন। সঙ্গে সঙ্গেই জহিরুল মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা জহিরুলকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জহিরুলের স্ত্রী নুপুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মোর স্বামীরে কির লইগ্যা অরা মারছে, আমি এইয়ার বিচার চাই।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, নিহত জহিরুলের বাম পাঁজরে ধারালো ছুরির আঘাত রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আমতলী থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুনসুর সিকদারকে আটক করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী শেফালি বেগমকেও থানায় আনা হয়েছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
