দুরন্ত দিয়াজ পাঁচে পাঁচ মরক্কো সেমিফাইনালে

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ এএম

আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে স্বাগতিক মরক্কো ও বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল। শুক্রবার দুই ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় মরক্কো, আর ১০ জনের মালিকে ১-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে সেনেগাল।

টুর্নামেন্টে দারুণ ছন্দে ব্রাহিম দিয়াজ। ক্যামেরুনের বিপক্ষে জয়েও জাল খুঁজে পান তিনি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় এ নিয়ে টানা ৫ ম্যাচে গোল করলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। স্বাগতিক মরক্কোকে সেমিফাইনালে তোলার পথে দারুণ রেকর্ড গড়েন দিয়াজ। তবে দিয়াজ এর চেয়েও বেশি আনন্দ পেতে পারেন, ২০০৪ সালের পর মরক্কো এই প্রথম আফ্রিকা কাপ অব নেশনসে সেমিফাইনালে ওঠায়।

রাবাতের প্রায় ৭০ হাজার দর্শক ধারণক্ষম প্রিন্স মৌলাই আবদেল্লাহ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মরক্কো। ম্যাচের ২৭তম মিনিটে কর্নার থেকে আয়ুব এল কাবির হেডার প্রতিহত করতে গিয়ে ক্যামেরুনের রক্ষণ বিভ্রান্ত হলে সুযোগ কাজে লাগান ব্রাহিম দিয়াজ। কাছ থেকে বল জালে জড়িয়ে দেন তিনি। চলতি আসরে এটি দিয়াজের টানা পঞ্চম ম্যাচে গোল আফ্রিকা কাপের ইতিহাসে মরক্কোর হয়ে যা এক অনন্য রেকর্ড। গোলের পর কর্নার ফ্ল্যাগের কাছে ছুটে গিয়ে কাঁধ ঝাঁকিয়ে উদযাপন করেন দিয়াজ, যেন নিজেই বিস্মিত নিজের ধারাবাহিকতায়।

প্রথমার্ধে ব্যবধান আরও বাড়াতে পারত স্বাগতিকরা। আবদেসামাদ এজালজুলি একবার গোলের খুব কাছে গিয়েও লক্ষ্যে রাখতে পারেননি, আর এল কাবির শট জালে না ঢুকে পাশের নেট কাঁপায়। ক্যামেরুনের অধিনায়ক নুহু টোলোর অসাধারণ ক্লিয়ারেন্স এবং দ্বিতীয়ার্ধে স্যামুয়েল কট্টোর গোললাইন সেভ মরক্কোর বড় জয় ঠেকিয়ে দেয়।

৭৪তম মিনিটে কর্নার থেকেই আবার গোল পায় মরক্কো। দূরের পোস্টের ভেতর দিয়ে নিচু শটে ম্যাচের ফল নিশ্চিত করেন ইসমাইল সাইবারি।

তানজিয়ারর গ্র্যান্ড স্টেড দ্য তানজিয়ার বৃষ্টিভেজা মাঠে সেনেগাল শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয়। ২৭তম মিনিটে ক্রেপিন দিয়াত্তার ক্রস মালি গোলরক্ষক জিজুই দিয়ারার হাত ফসকে বেরিয়ে গেলে সামনে পড়ে যায় ইলিমান এনদিয়ায়ের পায়ে। কাছ থেকে সহজেই বল জালে পাঠান তিনি এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

ম্যাচে বড় ধাক্কা খায় মালি প্রথমার্ধেই। অধিনায়ক ইভ বুসুমা শুরুতে সাদিও মানের ওপর ফাউলে হলুদ কার্ড দেখেন। বিরতির আগে ইদ্রিসা গায়েকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত