খুলনায় গোলাম পরওয়ার

চাঁদাবাজদের হাতে ক্ষমতা দিলে দেশ নিরাপদ থাকবে না

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজনৈতিক পরিবর্তনের পরও যারা চাঁদাবাজি, ঘের ও জমি দখল, সন্ত্রাস ও লুটপাট চালিয়ে যাচ্ছে তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিলে সাধারণ মানুষ তো বটেই, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালও নিরাপদ থাকবে না। গতকাল শনিবার খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ফ্যাসিস্ট আর ক্ষমতায় ছিল না। তাহলে এরপর যারা চাঁদাবাজি করল, ঘের দখল করল, বাজারে বাদাম বিক্রেতার কাছ থেকেও চাঁদা তুলল তারা কোন দলের লোক? চাঁদা না দেওয়ার কারণে মানুষকে পাথর মেরে হত্যার ঘটনাও তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, এ ধরনের শক্তির হাতে ক্ষমতা গেলে কি কোনো মানুষের শান্তি নিশ্চিত হতে পারে?

এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত