সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর শিরোপাখরা কি আরও দীর্ঘ হতে চলেছে? মৌসুমের শুরুতে দুর্দান্ত পারফরম্যান্সের পর হঠাৎ করেই ছন্দ হারিয়েছে আল-নাসর। টানা পয়েন্ট হারানোয় তাদের লিগ শিরোপার স্বপ্ন এখন বড় হুমকির মুখে। শীর্ষে থাকা আল-হিলালের বিপক্ষে আসন্ন ‘ক্যাপিটাল ডার্বি’ হয়ে উঠেছে রোনালদোদের ভাগ্য নির্ধারণী ম্যাচ।
২০২৩ সালের জানুয়ারিতে আল-নাসরে যোগ দেওয়ার পর রোনালদো গোলের পর গোল করে যাচ্ছেন। এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ১১৪ গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। কিন্তু সৌদির ক্লাবটির হয়ে এখনো কোনো বড় শিরোপার স্বাদ পাননি। চলতি মৌসুমের শুরুতে অবশ্য সেই আক্ষেপ ঘোচানোর দারুণ সুযোগ তৈরি হয়েছিল। ১০ ম্যাচে ১০ জয়ের রেকর্ড নিয়ে বছরের শেষ দিকে আল-নাসর ছিল লিগের শীর্ষে।
গত ডিসেম্বরে আল-ইত্তিফাকের বিপক্ষে ২-২ ড্রয়ের পর থেকেই দৃশ্যপট পাল্টে যায়। সেই ম্যাচে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি আল-নাসর। এরপর ধারাবাহিকতা হারিয়ে তারা জায়গা হারায় পয়েন্ট টেবিলের শীর্ষে। এখন পরিস্থিতি এমন যে, সোমবার আল-হিলালের বিপক্ষে জয় না পেলে শিরোপার লড়াই কার্যত শেষ হয়ে যেতে পারে। মজার ব্যাপার হলো, আল নাসরের কোচের দায়িত্বে আছেন আল-হিলালকে নিয়ে ঐতিহাসিক শিরোপা জেতানো হোর্হে জেসুস।
জেসুসের অধীনেই মৌসুমের শুরুতে টানা ১০ ম্যাচ জিতে দাপট দেখায় আল-নাসর। ৩৩ গোলের বিপরীতে হজম করেছে মাত্র ৫টি। রোনালদোর পাশাপাশি সাদিও মানে, জোয়াও ফেলিক্স ও কিংসলে কোমানের সমন্বয়ে আল-নাসরের আক্রমণভাগকে বলা হচ্ছিল ‘ফ্যান্টাস্টিক ফোর’। শুরুতে এই চারজনই ছিলেন দুর্দান্ত ছন্দে। তবে আফ্রিকা কাপ অব নেশনস খেলতে মানে দল ছাড়ার পর সেই ভারসাম্য আর বজায় থাকেনি। এখন প্রশ্ন একটাই- রোনালদোরা কি পারবেন?
স্মিথ-বাবরকে বল করা হলো না রিশাদের; সবার আগে প্লে অফে তার দল
জৌলুস হারিয়েছে বিপিএল; ‘রিসেট’ মারতে বললেন মঈন আলী
কোহলির মতো দেখতে কে এই শিশু?