ফরিদপুরের বোয়ালমারীতে এক কৃষকের পেঁয়াজের জমিতে শত্রুতা করে ক্ষতিকর কেমিক্যাল স্প্রে করার অভিযোগ পাওয়া গেছে। এতে জমির সমস্ত পেঁয়াজ চারা পুড়ে নষ্ট হয়ে যাওয়ায় কৃষকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
জানা যায়, উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামের কৃষক মোহাম্মদ মিয়ার একই ইউনিয়নের সুতালিয়া গ্রামের ৪৯০ খতিয়ানভুক্ত ৭৯৯ নম্বর দাগে ১৮ শতাংশ জমি রয়েছে। প্রতি বছরের মতো এবারও তিনি ওই জমিতে পেঁয়াজ চারা রোপণ করেন।
রবিবার (১১ জানুয়ারি) সকালে জমির পরিচর্যা করতে গিয়ে তিনি দেখতে পান দুর্বৃত্তরা তার জমিতে ক্ষতিকর কেমিক্যাল স্প্রে করেছে। কেমিক্যালের প্রভাবে জমির সমস্ত পেঁয়াজ চারা পুড়ে নষ্ট হয়ে যায়। এতে তিনি বিপুল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন কৃষক মোহাম্মদ মিয়া।
বাউফলে দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১