কারফিউ দিয়ে গণহত্যা

সালমান আনিসুলের বিচার শুরুর আদেশ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে। মামলায় উভয় আসামিকে জুলাই-আগস্টে কারফিউ জারি করে গণহত্যা ও উসকানির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে।

সোমবার (১২ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালের তিন সদস্যের প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আজকের ১১ নম্বর কার্যতালিকায় মামলাটি প্রক্রিয়াধীন ছিল। ট্রাইব্যুনাল প্রথমে সালমান ও আনিসুলের আইনজীবীদের অব্যাহতি আবেদন খারিজ করেন। এরপর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পাঠ শুরু করেন।

সকালেই কারাগার থেকে প্রিজনভ্যানে করে দুই আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। গত ৬ জানুয়ারি তাদের পক্ষে শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী অভিযোগ গঠন না করার আবেদন করেন ও অব্যাহতি চান।

প্রসিকিউশন সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানায়। উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আজ আদালতে এ আদেশ দেন।

এর আগে, গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করেন এবং একই দিনে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত